ঢাকা | জুলাই ৪, ২০২৬ - ১:১০ পূর্বাহ্ন

এইচএসসির প্রথম দিনে রাজশাহী বোর্ডে অনুপস্থিত ২৪৬৭ পরীক্ষার্থী

  • আপডেট: Thursday, July 2, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: সারাদেশের ন্যায় রাজশাহী শিক্ষা বোর্ডেও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষা। তবে প্রথম দিনের বাংলা (আবশ্যিক) প্রথম পত্র পরীক্ষায় রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। অন্যদিকে, প্রথম দিনে সারাদেশে তিন স্তরের বোর্ডে মোট ২৪ হাজার ৭৮৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন এবং অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে ৭ জন পরীক্ষার্থীকে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এবং রাজশাহী শিক্ষা বোর্ডের তথ্য বিশ্লেষণ করে এই চিত্র পাওয়া গেছে।

রাজশাহী শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছর এই বোর্ড থেকে মোট ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন। এর মধ্যে ছাত্র সংখ্যা ৭৩ হাজার ৫৭ জন এবং ছাত্রী ৬৭ হাজার ৭৭৩ জন। বোর্ডের অধীনে থাকা উত্তরবঙ্গের ৮টি জেলার ২০৮টি কেন্দ্রের মাধ্যমে মোট ৭৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই পরীক্ষায় অংশ নিচ্ছেন। বোর্ডের চেয়ারম্যান শামীম আরা চৌধুরী জানিয়েছেন, বিগত বছরগুলোর তুলনায় এবার পরীক্ষার্থী সংখ্যা বেশ বেড়েছে। গত বছর (২০২৫ সাল) রাজশাহী বোর্ড থেকে পরীক্ষা দিয়েছিল ১ লাখ ৩৩ হাজার ২৫২ জন। সেই তুলনায় এবার পরীক্ষার্থী বেড়েছে ৭ হাজার ৫৭৮ জন। বোর্ড কর্তৃপক্ষ জানিয়েছে, অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় এবার বেশ খানিকটা সুবিধা মিলেছে। পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বোর্ডে ২৪টি ভিজিলেন্স টিম কাজ করছে, যারা পর্যায়ক্রমে কেন্দ্রগুলো পরিদর্শন করছেন। প্রথম দিনে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি এবং আইন-শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।

পরিসংখ্যান অনুযায়ী, প্রথম দিনে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বাংলা প্রথম পত্র পরীক্ষায় মোট নিবন্ধিত ৮ লাখ ৫৬ হাজার ৯৭ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৮ লাখ ৩৮ হাজার ৮৬৪ জন। অনুপস্থিত ১৭ হাজার ২৩৩ জন, যা মোট পরীক্ষার্থীর ২ দশমিক ০১ শতাংশ। সাধারণ বোর্ডগুলোর মধ্যে অনুপস্থিতির সংখ্যা যথাক্রমে- ঢাকা বোর্ডে ৩ হাজার ৯৭১ জন, রাজশাহী বোর্ডে ২ হাজার ৪৬৭ জন, যশোর বোর্ডে ২ হাজার ৭৮ জন, দিনাজপুর বোর্ডে ১ হাজার ৯৩৭ জন, কুমিল্লা বোর্ডে ১ হাজার ৭৯৫ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ৩৪৬ জন, চট্টগ্রাম বোর্ডে ১ হাজার ৩৪০ জন, ময়মনসিংহ বোর্ডে ১ হাজার ১৮২ জন এবং সিলেট বোর্ডে ১ হাজার ১২৭ জন। প্রথম দিনে সাধারণ বোর্ডগুলোর মধ্যে অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে যশোর বোর্ডে দুইজন এবং কুমিল্লা, দিনাজপুর ও ময়মনসিংহ বোর্ডে একজন করে পরীক্ষার্থী রয়েছেন। তবে কোনো পরিদর্শক বহিষ্কৃত হননি।

এদিকে, সাধারণ বোর্ডের পাশাপাশি মাদরাসা ও কারিগরি বোর্ডেও প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে কুরআন মাজিদ পরীক্ষায় ৮০ হাজার ৬৫৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এই বোর্ডে অনুপস্থিত ছিলেন ৪ হাজার ৪৭৮ জন এবং অসদুপায়ের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বাংলা-২ পরীক্ষায় অংশ নেন ৮০ হাজার ৬০৩ জন পরীক্ষার্থী। এই বোর্ডে অনুপস্থিতির সংখ্যা ছিল ৩ হাজার ৭৩ জন এবং এখানেও অসদুপায়ের দায়ে একজন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে দেশের বাইরেও আটটি কেন্দ্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং প্রথম দিনের সার্বিক পরিবেশ সম্পূর্ণ সন্তোষজনক ছিল।