যুবদল নেতার বিরুদ্ধে ‘অপবাদের’ প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: রাজশাহীর শাহ মখদুম থানার ১৮ নম্বর ওয়ার্ড যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক শাকিলুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের দাবি তুলে এর প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী।
বৃহস্পতিবার দুপুর ৩টায় নগরীর বিমান চত্বর এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী যুবদল নেতা শাকিলুর রহমান নিজে উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি ১৮ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় কার্যালয়ে কয়েকজন চোরকে আটক করে মারধর করে স্থানীয় জনতা। ঘটনার সময় যুবদল নেতা শাকিলুর রহমান ভূমিমন্ত্রীর আরডিএ পার্ক উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দলীয় কার্যালয়ে এসে পরিস্থিতি দেখে তিনি তাৎক্ষণিকভাবে শাহ মখদুম থানায় খবর দেন এবং পরবর্তীতে আটক ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করেন। ওই চোরদের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলাও দায়ের করা হয়েছে। অথচ এই ঘটনার সঙ্গে শাকিলুর রহমান কোনোভাবেই জড়িত ছিলেন না।
বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, কিছু সংবাদমাধ্যম সঠিক তথ্য যাচাই না করেই শাকিলুর রহমানের নাম জড়িয়ে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ প্রকাশ করেছে। এর ফলে তাঁর ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক সুনাম মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।
মানববন্ধন থেকে বক্তারা এই সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানান এবং প্রকৃত তথ্য যাচাই করে দায়িত্বশীল সাংবাদিকতা নিশ্চিত করার আহ্বান জানান। একই সঙ্গে তাঁরা পুরো ঘটনার সুষ্ঠু তদন্ত এবং এর পেছনে জড়িত দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানান। মানববন্ধনে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সর্বস্তরের এলাকাবাসী উপস্থিত ছিলেন।










