ঢাকা | জুলাই ৩, ২০২৬ - ৩:১৫ পূর্বাহ্ন

বিভিন্ন উপজেলায় কৃষি প্রণোদনা বিতরণ

  • আপডেট: Thursday, July 2, 2026 - 10:31 pm

সোনালী ডেস্ক: নওগাঁর পোরশা, বদলগাছী, রাণীনগর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে গ্রীষ্মকালীন কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করা হয়েছে।

পোরশা প্রতিনিধি জানান, উপজেলা কৃষি অফিসের আয়োজনে গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষি প্রণোদনা বিতরণের উদ্বোধন করেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান। সভাপতিত্ব করেন ইউএনও রাকিবুল ইসলাম। এতে স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা মামুনূর রশিদ। উদ্বোধনী শেষে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩ হাজার ৪৯৬ জন কৃষককের মাঝে গ্রীস্মকালীন পেঁয়াজ, মরিচ বীজ, বৃক্ষ রোপণ, লেবু, এয়ার ফ্লো মেশিন, খরিপ মৌসুমে বিভিন্ন জাতের শাকসবজীর বীজ ও রোপা আমন ধান ফসলের আবাদ বৃদ্ধির জন্য বিনামূল্যে চারা, বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।

বদলগাছী প্রতিনিধি জানান, বদলগাছীতে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে  কৃষি প্রণোদনা কর্মসূচির বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধির জন্য ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে রাসায়নিক সার ও বীজসহ অন্যান্য উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৮টি ইউনিয়নের  কৃষকদের কৃষিকাজে উদ্বুদ্ধ এবং ফলন বাড়াতে এই কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণের উদ্বোধন করেন নওগাঁ -৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। এই কর্মসূচির আওতায় উপজেলায় মোট ৪ হাজার ৫৬৬ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে এই প্রণোদনা বিতরণ হবে।

উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বদলগাছী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রিপা রানী,  থানা অফিসার ইনচার্জ রুহুল আমিন, উপজেলা প্রকৌশলী শাহিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও বদলগাছী উপজেলায় বার্ষিক উন্নয়ন কর্মসূচির আওতায় সেলাই মেশিন, খেলার সামগ্রী বিতরণ  ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচু-নিচু বেঞ্চ সরবরাহ করা হয়েছে।

রাণীনগর প্রতিনিধি জানান, রাণীনগরে অসহায় ও দুস্থ মানুষের মাঝে জিআর চাল এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার সার-বীজসহ বিভিন্ন উপকরণ বিতরণের উদ্বোধন করা হয়েছে। উপজেলা পরিষদের মুক্তমঞ্চ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য এসএম রেজাউল ইসলাম। তিনি বলেন, বর্তমান সরকার নির্বাচনের আগে যে ওয়াদা করেছিলো তা ধীরে ধীরে বাস্তবায়ন হতে শুরু করেছে। সরকার দেশে যে কোন দুর্যোগে অসহায় হতদরিদ্র মানুষের পাশে সব সময় আছে। এসময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় ও দুস্থ ১হাজার পরিবারের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় জনপ্রতি ৩০ কেজি করে জিআর চাল বিতরণ এবং কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ মৌসুমে উপজেলার ৩ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।  অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি কর্মকর্তা মোস্তাকিমা খাতুন, সম্প্রসারণ অফিসার জাহিদুল ইসলাম প্রমুখ।

শিবগঞ্জ প্রতিনিধি জানান, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় লেবু ও শীতকালীন পেঁয়াজ বীজ কন্দ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষে ১১০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা কৃষি অফিসের সামনে এসব বীজ ও রাসায়নিক সার বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহাদৎ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমার সরকার ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা শাহিন আকতারসহ অন্যরা। উপজেলা কৃষি অফিস জানায়, ৬০ জন কৃষকের প্রত্যেককে ১৬০ কেজি পেঁয়াজ বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি, বালাইনাশক ও বীজ সংরক্ষণ পাত্র একটি এবং ৫০ জন কৃষকের প্রত্যেককে ৫টি লেবুর চারা ও ৩০ কেজি সার দেয়া হয়।