ঢাকা | জুলাই ১, ২০২৬ - ১:৩২ পূর্বাহ্ন

শিরোনাম

সিরাজগঞ্জে বারান্দায় চলছে ক্লাস শ্রেণিকক্ষ সঙ্কটে বিঘ্নিত পাঠদান

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:30 pm

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার চণ্ডীপুর পার এলংজানি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তীব্র শ্রেণিকক্ষ সঙ্কট দেখা দিয়েছে। পর্যাপ্ত কক্ষ না থাকায় শিক্ষকেরা অফিস কক্ষেই ক্লাস নিতে বাধ্য হচ্ছেন। কোনো কোনো সময় ভবনের খোলা বারান্দার মেঝেতে বসেও পাঠ নিচ্ছে শিক্ষার্থীরা। ফলে প্রায় দেড় যুগ ধরে বিঘ্নিত হচ্ছে বিদ্যালয়টির স্বাভাবিক শিক্ষা কার্যক্রম।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, ১৯৮৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ২০০৬ সালে চলনবিল অধ্যুষিত এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র কাম স্কুল ভবন হিসেবে একটি পাকা ভবন নির্মাণ করে সরকার। এতে তিনটি শ্রেণিকক্ষ এবং একটি ছোট কক্ষ রয়েছে।

২০০৭ সালের পর থেকে শিক্ষার্থী বাড়ায় আসন সঙ্কট প্রকট আকার ধারণ করে। বর্তমানে বিদ্যালয়ে ১২৫ জন শিক্ষার্থী ও ছয়জন শিক্ষক রয়েছেন (একজন প্রেষণে অন্য স্কুলে কর্মরত)। শিক্ষকের সমস্যা না থাকলেও মূল সমস্যা এখন শ্রেণিকক্ষের।

বাধ্য হয়ে শিক্ষকেরা অফিস কক্ষের এক পাশে বেঞ্চ পেতে ও দেয়ালে হোয়াইট বোর্ড লাগিয়ে নিয়মিত ক্লাস নিচ্ছেন। একই কক্ষে দাপ্তরিক কাজ ও পাঠদান চলায় শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। স্থান সংকুলান না হলে শিক্ষার্থীদের মূল ভবনের বারান্দায় কাপড় পেতে বসিয়ে ক্লাস নিতে হচ্ছে।

প্রধান শিক্ষক আবু বকর মিয়া জানান, শিক্ষা অফিস ও জনপ্রতিনিধিদের কাছে একাধিকবার নতুন ভবন নির্মাণের আবেদন জানানো হলেও এখন পর্যন্ত সুরাহা হয়নি। সহকারী শিক্ষক হামিদা খাতুন বলেন, অফিস কক্ষে ক্লাস নেয়ায় শিক্ষকদের কথাবার্তা ও দাপ্তরিক কাজে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়।

পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রিফাত ও চতুর্থ শ্রেণির সুমাইয়া জানায়, শিক্ষকের বসার জায়গার পাশে ক্লাস করতে সমস্যা হয়, আবার বারান্দায় বসে খাতায় ঠিকমতো লেখা যায় না। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, উক্ত স্কুলের একটি নতুন ভবন নির্মাণের ব্যাপারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (খএঊউ) থেকে তথ্য চেয়ে চিঠি দেয়া হয়েছে। আশা করছি দ্রুত সমাধান হবে।