ঢাকা | জুলাই ১, ২০২৬ - ১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথন শুরু ৩ জুলাই

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:34 pm

স্টাফ রিপোর্টার: ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী রক্ষা, নাব্যতা সঙ্কট দূর, নদীদখল ও দূষণ প্রতিরোধ এবং আন্তর্জাতিক অভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্যার দাবিতে রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘রান ফর পদ্মা’ সাড়ে সাত কিলোমিটার মিনি ম্যারাথন।

আগামী শুক্রবার সকাল ছয়টায় নগরীর লালনশাহ মুক্তমঞ্চ থেকে এই ম্যারাথন শুরু হবে। সেই লক্ষ্যে গতকাল মঙ্গলবার রাজশাহীর পদ্মা গার্ডেনে আয়োজিত সংবাদ সম্মেলনে মিনি ম্যারাথনের লক্ষ্য, উদ্দেশ, রুট ম্যাপ ও সার্বিক প্রস্তুতি তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আয়োজক সংগঠনের প্রধান উপদেষ্টা গোলাম মোস্তফা মামুন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মিনি ম্যারাথনটি রাজশাহীর লালনশাহ মুক্তমঞ্চ থেকে শুরু হয়ে ফুড অফিস মোড় ঘুরে আবার মুক্তমঞ্চে এসে শেষ হবে। সাড়ে সাত কিলোমিটার দীর্ঘ এই দৌড়ে বিভিন্ন বয়সী অংশগ্রহণকারী অংশ নেবেন।

আয়োজকরা বলেন, পদ্মাসহ দেশের নদ-নদী রক্ষা শুধু পরিবেশের বিষয় নয়, এটি দেশের অস্তিত্ব, জাতীয় নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা এবং ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সরাসরি জড়িত। নদী রক্ষায় জনসচেতনতা সৃষ্টি এবং সর্বস্তরের মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ব্যতিক্রমধর্মী আয়োজন করা হয়েছে।

তিনি বলেন, ‘রান ফর পদ্মা শুধু রাজশাহীর আয়োজন নয়, এটি পুরো বাংলাদেশের অস্তিত্ব, পরিবেশ ও ভবিষ্যৎ প্রজন্মের সঙ্গে সম্পর্কিত একটি আন্দোলন। ঐতিহাসিক পদ্মা নদীসহ দেশের সব নদ-নদী বাঁচানোর দাবিকে মানুষের কাছে পৌঁছে দিতেই আমরা এ উদ্যোগ নিয়েছি।’

এসময় উপস্থিত ছিলেন- ‘রান ফর পদ্মা’ মিনি ম্যারাথনের উপদেষ্টা মাহফুজুল হাসনাইন হিকল, উপদেষ্টা রিক্তা পারভিন, আহ্বায়ক জুলফিকার আলী হায়দার, যুগ্ম আহ্বায়ক মঈন বিন মোস্তফা, সদস্য সচিব জাহিদুল ইসলাম সানি, দপ্তর সম্পাদক সামিউর রহমান, সাংগঠনিক সম্পাদক তাহসিন শেখ, কোষাধ্যক্ষ মুজাহিদুর রহমান ফাইন, শামসুর রহমান সানি প্রমুখ।