ঢাকা | জুলাই ১, ২০২৬ - ৩:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

পদ্মায় গোসলে নেমে ২ কিশোরের মর্মান্তিক মৃত্যু, নিখোঁজ আরও একজন

  • আপডেট: Tuesday, June 30, 2026 - 10:50 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃতরা হলো, রিফাত আলী (১৬) ও রাসেল (১৭)। রিফাত সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা হাজীপাড়া গ্রামের গোলাম মোস্তফার ছেলে। আর রাসেল একই ইউনিয়নের বইড়পাড়া গ্রামের আলমের ছেলে। দুজনই সুন্দরপুর সুবাগ উচ্চ বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

স্থানীয়রা জানায়, রিফাত ও রাসেলসহ ৪-৫ জন বন্ধু বাইসাইকেল চালিয়ে পদ্মা নদীর আলিমনগর ঘাটে গোসল করতে যায়।

সেখানে পানিতে ডুবে দুজন মারা যায়। অপরদিকে মহানন্দায় মাছ ধরতে নেমে জেলা শহরের আরামবাগ মহল্লার রহুল আমিনের ছেলে সাকিরুল হক (৩৩) নিখোঁজ রয়েছেন। তিনি দুবাইপ্রবাসী। মাসখানেক আগে বাড়ি ফিরে দুই বন্ধুকে নিয়ে শখ করে শহরের রেহাইচর এলাকায় মহানন্দা রাবার ড্যাম এলাকায় মাছ ধরতে গিয়ে নদীতে নিখোঁজ হন সাকিরুল।

চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার সাঈদ হাসান শুভ বলেন, দুপুর ২টার দিকে পদ্মায় ডুবে যাওয়ার পর রাজশাহী থেকে ডেকে আনা ডুবুরি দল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে রিফাতের এবং সন্ধ্যা পৌনে ৬টার দিকে রাসেলের মরদেহ উদ্ধার করা হয়। তবে রাত সাড়ে ৮টা পর্যন্ত মহানন্দায় নিখোঁজ সাকিরুলের খোঁজ পাওয়া যায়নি।

রাজশাহীর গোদাগাড়ী নৌ পুলিশ স্টেশন ইনচার্জ উপপরিদর্শক (এসআই) জীবন চন্দ্র বলেন, পুলিশ দুই কিশোরের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অপরদিকে দুপুর আড়াইটার দিকে মহানন্দায় নিখোঁজ যুবককে খোঁজা চলছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একরামুল হোসাইন বলেন, পদ্মায় ডুবে রাসেল ও রিফাত নামের দুই কিশোর মারা গেছে। অপরদিকে মহানন্দায় ডুবে নিখোঁজ হয়েছে সাকিরুল নামে এক যুবক। নৌ পুলিশ ঘটনাগুলোর তদন্ত শুরু করেছে।