ঢাকা | জুন ৩০, ২০২৬ - ১২:০৭ পূর্বাহ্ন

শিরোনাম

গোদাগাড়ীতে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার, মাদক কারবারিরা পলাতক

  • আপডেট: Monday, June 29, 2026 - 10:40 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫, রাজশাহী। তবে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় এই অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।

র‌্যাব-৫ সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১২টা ১০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫-এর সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোদাগাড়ী মডেল থানার ৬ নম্বর মাটিকাটা ইউনিয়নের পিরোজপুর গ্রাম থেকে প্রায় ২ কিলোমিটার দূরে পদ্মা নদীর চর এলাকায় এই অভিযান পরিচালনা করে।

র‌্যাব জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে কয়েকজন মাদক কারবারি ওই চরে অবস্থান করছে-এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

র‌্যাবের আভিযানিক দল ঘটনাস্থলে পৌঁছালে মাদক কারবারিরা দূর থেকে উপস্থিতি টের পেয়ে রাতের অন্ধকারে একটি বস্তা ফেলে রেখে পাশের বিস্তীর্ণ পাটক্ষেতে পালিয়ে যায়। অন্ধকার ও পাটখেতের সুযোগ নেয়ায় আভিযানিক দল তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি।

পরবর্তীতে স্থানীয় নিরপেক্ষ সাক্ষীদের উপস্থিতিতে মাদক কারবারিদের ফেলে যাওয়া ওই বস্তাটি তল্লাশি করা হয়। এসময় বস্তার ভেতর থাকা ছয়টি স্বচ্ছ পলিপ্যাক থেকে মোট ১ কেজি ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই মাদকদ্রব্য বিধি মোতাবেক জব্দ করেছে র‌্যাব।

এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত হেরোইন রাজশাহী জেলার গোদাগাড়ী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৫-এর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।