ঢাকা | জুন ২৮, ২০২৬ - ৩:৪৮ অপরাহ্ন

শিরোনাম

সাংবাদিক তবিবুর রহমান মাসুমের মৃত্যুবার্ষিকী আজ

  • আপডেট: Sunday, June 28, 2026 - 12:44 pm

স্টাফ রিপোর্টার: দৈনিক সোনালী সংবাদের সাবেক প্রধান প্রতিবেদক ও রাজশাহীর জ্যেষ্ঠ সাংবাদিক তবিবুর রহমান মাসুমের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ রোববার (২৮ জুন)।

২০২০ সালের এই দিনে ৫২ বছর বয়সে করোনার উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

সাংবাদিক তবিবুর রহমান মাসুম ছিলেন রাজশাহী সাংবাদিক মহলের এক সর্বজন শ্রদ্ধেয় ও অত্যন্ত বন্ধুসুলভ ব্যক্তিত্ব। তিনি দৈনিক সোনালী সংবাদের প্রতিষ্ঠাকালীন সময় থেকেই এর সঙ্গে যুক্ত ছিলেন এবং দীর্ঘ ২৬ বছর অত্যন্ত সততা, নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।

সাংবাদিকতার পাশাপাশি তিনি নগরীর বঙ্গবন্ধু কলেজে শিক্ষকতা করতেন। এছাড়া তিনি বাংলাদেশ বেতারের রাজশাহী জেলা সংবাদদাতা হিসেবেও কর্মরত ছিলেন।

ক্রীড়া সাংবাদিক হিসেবে তাঁর বিশেষ খ্যাতি ছিল; তিনি বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের (বিএসপিএ) রাজশাহী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ক্রীড়া সাংবাদিকতার সুবাদে খেলাধুলার নানা আন্তর্জাতিক আসরের খবর সংগ্রহে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেন। পেশাদারিত্বের বাইরে তিনি রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) এবং রাজশাহী প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হিসেবেও অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

এদিকে, প্রিয় এই সহকর্মীর অবদানের কথা স্মরণ করে দৈনিক সোনালী সংবাদের সম্পাদক মো. লিয়াকত আলীসহ পত্রিকার সংবাদিক নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীরা গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন।