ঢাকা | জুন ২৯, ২০২৬ - ৩:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

‘ভিটামিন খাওয়ানো থেকে কোন শিশু যেন বাদ না পড়ে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে’

  • আপডেট: Sunday, June 28, 2026 - 10:41 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী মহানগরীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল রোববার নগর ভবনে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাইয়ে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

রাজশাহী সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় রাজশাহী মহানগরীতে ৬-১১ মাস বয়সী ৯ হাজার ১১৩জন এবং ১২-৫৯ মাস বয়সী ৫৭ হাজার ২৮২ জন শিশুসহ সর্বমোট ৬৬ হাজার ৩৯৫জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নিয়ে এ কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাসিক প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে। শিশুর সুস্থ, সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ গঠনে ভিটামিন এ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোন শিশু যেন ভিটামিন খাওয়ানো থেকে বাদ না পড়ে সে বিষয়ে সবাইকে সচেতন হতে হবে। জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়ন করতে সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালনের আহবান জানান তিনি।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন রাসিকের সচিব সোহেল রানা। এ সময় পরিবার পরিকল্পনা রাজশাহী বিভাগীয় পরিচালক ড. কস্তুরী আমিনা কুইন, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকেরসহ রাসিকের অন্যান্য শাখার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।