গোদাগাড়ীতে বাস-ভুটভুটি মুখোমুখি সংঘর্ষ চালক নিহত, বাসচালক গুরুতর আহত
গোদাগাড়ী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ীতে যাত্রীবাহী বাস ও ইঞ্জিনচালিত ভুটভুটির মুখোমুখি সংঘর্ষে মোয়াজ্জেম হোসেন (৩৫) নামে এক ভুটভুটি চালক নিহত হয়েছেন। এই ঘটনায় আরআর পরিবহনের ঢাকা কোচের চালক সুজন আলী (৪০) গুরুতর আহত হয়েছেন।
রোববার সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের সিএনবি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মোয়াজ্জেম হোসেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কাপইট্টাটলা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।
ফায়ার সার্ভিস ও পুলিশ সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৬টার দিকে চাঁপাইনবাবগঞ্জগামী আরআর পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা ভুটভুটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় দুটি যানেরই সম্মুখভাগ দুমড়ে-মুচড়ে যায় এবং চালকদ্বয় ভেতরে আটকে পড়েন।
খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার রকিবুজ্জামান সরকারের নেতৃত্বে উদ্ধারকর্মীরা হাইড্রোলিক কাটার ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করে লোহা কেটে আটকে থাকা চালকদের বের করেন। হাসপাতালে নেওয়ার পথে ভুটভুটি চালকের মৃত্যু হয় এবং গুরুতর আহত বাসচালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত যানবাহন দুটি জব্দ করেছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেছে। এই বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।











