ঢাকা | জুলাই ১৮, ২০২৬ - ৮:০৬ অপরাহ্ন

বিলুপ্তপ্রায় ওষুধি উদ্ভিদ ‘স্টেভিয়া’র অস্তিত্ব ধরে রেখেছেন চারঘাটের মাহাতাব

  • আপডেট: Thursday, June 25, 2026 - 11:09 pm

চারঘাট প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় ‘স্টেভিয়া’ বা ‘চিনি গাছ’ নামে পরিচিত বিরল ওষুধি উদ্ভিদটির অস্তিত্ব এখন টিকে আছে কেবল একজনের বাড়িতেই। উপজেলার পূর্ব বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা মাহাতাব আলী নিজের আগ্রহে বাড়ির উঠানে কয়েকটি স্টেভিয়া গাছ সংরক্ষণ করে রেখেছেন।

জানা গেছে, দুই বছর আগে রাজশাহীতে একটি কৃষি প্রশিক্ষণে অংশ নিয়ে মাহাতাব আলীর ছেলে মোহাম্মদ আলী প্রথম এই গাছের পুষ্টিগুণ ও বাণিজ্যিক সম্ভাবনা সম্পর্কে জানতে পারেন।

পরে উপজেলা কৃষি বিভাগের সহযোগিতায় তারা জমিতে বাণিজ্যিকভাবে এর চাষ শুরু করেন। ফলন ভালো হলেও স্থানীয় পর্যায়ে বাজারজাতকরণের সুনির্দিষ্ট সুযোগ ও পর্যাপ্ত ক্রেতা না থাকায় পরবর্তীতে চাষ বন্ধ করে দিতে হয়।

বিশেষজ্ঞদের মতে, স্টেভিয়ার পাতা থেকে প্রাকৃতিক মিষ্টিকারক তৈরি করা যায়, যা সাধারণ চিনির তুলনায় ১৫০ থেকে ৩০০ গুণ বেশি মিষ্টি এবং এটি ডায়াবেটিস রোগীদের জন্য সম্পূর্ণ নিরাপদ।

স্থানীয় সচেতন মহল মনে করেন, সরকারি তদারকি ও বাজারজাতকরণের সঠিক ব্যবস্থা থাকলে এই লাভজনক ফসলের সম্প্রসারণ সম্ভব।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আল মামুন হাসান জানান, স্টেভিয়া একটি সম্ভাবনাময় উদ্ভিদ। এটি এখনো গবেষণার পর্যায়ে রয়েছে; ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা পেলে কৃষকদের এই চাষে উৎসাহিত করা হবে।