বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ‘জার্সি ডে’ উদযাপন
প্রেস বিজ্ঞপ্তি: বিশ্বকাপ ফুটবলের আনন্দ একসঙ্গে ভাগাভাগি করে নিতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম, কমিউনিকেশন অ্যান্ড মিডিয়া স্টাডিজ (জেসিএমএস) বিভাগের উদ্যোগে বিশেষ ‘জার্সি ডে’ উদযাপিত হয়েছে।
রোববার সকাল সোয়া ১১টায় বিভাগের বিভিন্ন সেমিস্টারের শিক্ষার্থীরা নিজ নিজ প্রিয় ফুটবল দলের জার্সি পরে ও পতাকা হাতে এই আয়োজনে অংশ নেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত ও প্রাণবন্ত উপস্থিতিতে পুরো বিভাগজুড়ে এক উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
বিভাগীয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া এই উৎসবের অংশ হিসেবে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দর্শনীয় স্থানে ফটোশুটে অংশ নেন। এ সময় প্রিয় দলের সমর্থনে সতীর্থদের স্লোগান এবং কেন তাদের দল এবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে—তা নিয়ে মেতে ওঠেন তারুণ্যের উচ্ছ্বসিত আড্ডায়।
বিভাগের চতুর্থ সেমিস্টারের শিক্ষার্থী জিসদান জুলকারনাইন তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সবার অংশগ্রহণে আয়োজিত এই ‘জার্সি ডে’ আমাদের নিজেদের মধ্যে সৌহার্দ্য, সম্প্রীতি ও পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষার্থীদের ব্যতিক্রমী এই আয়োজনটি সমন্বয় করেন জেসিএমএস বিভাগের শিক্ষক সাজ্জাদ হোসেন এবং মুহাম্মদ রাকিব হোসাইন।
তাঁরা বলেন, বিশ্বকাপ শুধু একটি খেলা নয়, এটি বিশ্বব্যাপী মানুষের আবেগ ও সংস্কৃতির একটি বড় অংশ। শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি এমন মননশীল ও উৎসবমুখর আয়োজনে পাশে থাকতে পেরে আমাদেরও ভালো লেগেছে।
সোনালী/জগদীশ রবিদাস











