দুর্গাপুরে পুকুরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে বিদ্যুতের মেইন লাইন থেকে মোটরের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাহাঙ্গীর আলম (৩২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
রোববার দুপুর ১টার দিকে উপজেলার যুগিশো গ্রামের আঙরার বিলে এই দুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর আলম চুক্তিভিত্তিতে স্থানীয় শরিফ ডাক্তার নামের এক পল্লী চিকিৎসকের পুকুর দেখাশোনার কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, যুগিশো আঙরার বিলের একটি পুকুরে পল্লী বিদ্যুৎ সমিতি থেকে সংযোগ দেওয়া হয়েছে। সেই মেইন লাইন থেকেই স্থানীয় অনেকে অবৈধ বা ঝুঁকিপূর্ণভাবে তার টেনে যার যার জলমোটরের মাধ্যমে পুকুরে সেচ কাজ চালিয়ে আসছিলেন।
রোববার দুপুরে শরিফ ডাক্তারের পুকুরে পানি সেচ দেয়ার জন্য মেইন লাইন থেকে মোটরের সংযোগ দিতে যান জাহাঙ্গীর। এ সময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই শ্রমিকের শরীর ভেজা ছিল। মেইন লাইন থেকে বিদ্যুৎ সংযোগ দিতে গিয়ে তাঁর হাতের আঙুল সকেটের ভেতরে ঢুকে যায়। এতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
ওসি আরও জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং তাদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।











