ঢাকা | জুন ২২, ২০২৬ - ২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহী নগরীতে স্কুলশিক্ষিকার ওপর হামলার অভিযোগ, হাসপাতালে ভর্তি

  • আপডেট: Sunday, June 21, 2026 - 10:51 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহী নগরীতে বাড়ির গলিতে সুড়কি ফেলা ও জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক স্কুলশিক্ষিকার ওপর প্রতিবেশীদের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। এতে গুরুতর আহত হয়ে শিলা খাতুন নামে ওই শিক্ষিকা রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

গত শনিবার বিকেলে নগরীর মতিহার থানাধীন তালাইমারী বাজে কাজলা এলাকায় এই ঘটনা ঘটে।

আহত শিলা খাতুন নগরীর খাদেমুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা। ভুক্তভোগী শিক্ষিকার অভিযোগ, তাঁর প্রতিবেশি ও ফুপাতো ভাই রিপন আলী (৩২), পারভেজ আলী স্বপন (৩৮), আফসানা মিমি (৩০), বেবী বেগম (৫০) ও শিখা বেগম (৩৩) এই হামলার সাথে জড়িত।

হাসপাতালে চিকিৎসাধীন শিলা খাতুন অভিযোগ করে জানান, গত শনিবার সকালে তাঁর বড় বোনের বাড়ির গলিতে সংস্কার কাজের জন্য কিছু সুড়কি রাখা হলে অভিযুক্তরা বাধা দেয় এবং তাঁর ভাগ্নের ওপর হামলার চেষ্টা করে। পরবর্তীতে বিকেল চারটার দিকে তিনি স্কুল থেকে ফিরে রিকশা ভাড়া দেওয়ার সময় অভিযুক্তরা তাঁকে আকস্মিক ঘিরে ধরে।

তাঁর দাবি, রাস্তার ওপরেই তাঁকে লোহার রড দিয়ে পেটানো হয় এবং মাথায় আঘাত করা হয়। এ সময় তাঁর ব্যাগে থাকা টাকা ও হাতের স্বর্ণের ব্রেসলেট ছিনিয়ে নেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।

বিরোধের পটভূমি উল্লেখ করে ওই শিক্ষিকা আরও জানান, পৈত্রিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সাথে তাঁদের বিরোধ চলছে। এর আগেও ২০২২ সালের মে মাসে বাড়ি নির্মাণ কাজের সময় হামলায় তাঁর পায়ের আঙুল ভেঙে যায় এবং গত জানুয়ারি মাসে তাঁর ভাগ্নে বাপ্পির ওপরও হামলা চালানো হয়। পূর্বের ওই মামলাগুলো তুলে নেওয়ার জন্য তাঁদের প্রতিনিয়ত হুমকি দেওয়া হচ্ছিল বলে জানান তিনি।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য অভিযুক্ত রিপন আলীর মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ না করায় তাঁর মন্তব্য জানা সম্ভব হয়নি।

মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবীর জানান, ঘটনাটি তিনি লোকমুখে শুনেছেন, তবে ভুক্তভোগী শিক্ষিকার পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

ওসি আরও জানান, উভয় পক্ষের মধ্যে পূর্বের মামলা চলমান রয়েছে এবং তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা আছে। স্কুলশিক্ষিকার পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।