রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা
স্টাফ রিপোর্টার: বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে রাজশাহী কলেজে ব্রাজিল সমর্থকদের উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রোববার দুপুর ১২টার দিকে ‘রাজশাহী কলেজ ব্রাজিল ফ্যান্স ক্লাব’-এর ব্যানারে এই শোভাযাত্রার আয়োজন করা হয়।
শোভাযাত্রাটি কলেজের রজনীকান্ত সেন মঞ্চের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে সেটি কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকেরা প্রিয় দল ব্রাজিলের জার্সি পরে এবং পতাকা হাতে বিভিন্ন স্লোগান দেন।
এ সময় “রাজশাহী কলেজের মাটি, ব্রাজিলের ঘাঁটি”, “নেইমারের ব্রাজিল”, “পেলের ব্রাজিল”সহ নানা স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
রাজশাহী কলেজ ব্রাজিল ফ্যান্স ক্লাবের সভাপতি প্রীতি চৌধুরী বলেন, “আজ বিশ্ব বাবা দিবস। আর্জেন্টিনা সমর্থকরা জার্মানিকে নিজেদের ‘বাপ’ বলে দাবি করে। তারা যেন তাদের সেই বাপের ভালোভাবে খেয়াল রাখে, যাতে আবার তাদের কোনো ক্ষতি না হয়—সে বিষয়টিই আজ মনে করিয়ে দিতে চাই।”
তিনি আরও বলেন, আমাদের প্রিয় দল ব্রাজিলকে নিয়ে নেতিবাচক কিছু বলার সুযোগ নেই। বিপক্ষ দল আমাদের নিয়ে সমালোচনা করলেও আমরা সেসব গুরুত্ব দিই না। আমরা মূলত ফুটবল খেলা উপভোগ করতে চাই।
অনেকেই মনে করে, ব্রাজিল সমর্থকরা আর্জেন্টিনার হারের অপেক্ষায় থাকে। কিন্তু এসব নিয়ে আমাদের কোনো মাথাব্যথা নেই; আমরা খেলা দেখব এবং মাঠের ফুটবল উপভোগ করব।
উক্ত বর্ণাঢ্য শোভাযাত্রায় রাজশাহী কলেজ ব্রাজিল ফ্যান্স ক্লাবের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সোনালী/জগদীশ রবিদাস











