সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের স্থাপনা পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ও প্রাচীন গৌড়ের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো পরিদর্শন করেছেন।
বুধবার সকাল ৯টায় তিনি রাজশাহী থেকে সড়কপথে প্রথমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ঐতিহাসিক সোনামসজিদ প্রাঙ্গণে এসে পৌঁছান। সেখানে তিনি প্রাচীন গৌড় রাজ্যের রাজধানীর বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঘুরে দেখেন এবং ঐতিহাসিক সোনামসজিদ পরিদর্শন করেন।
এরপর মার্কিন রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দর ও ইমিগ্রেশন চেকপোস্টের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি সোনামসজিদ বিওপিতে (বর্ডার আউটপোস্ট) দায়িত্বরত বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে এক মতবিনিময় সভায় মিলিত হন এবং সীমান্ত ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রমের সার্বিক খোঁজখবর নেন।
সফরকালে তোহাখানা মসজিদ এবং হযরত শাহ নেয়ামতুল্লাহ’র (র.) মাজারসহ প্রাচীন গৌড়ের ঐতিহাসিক নিদর্শনগুলো ঘুরে দেখার সময় রাষ্ট্রদূতকে বেশ আগ্রহী ও আনন্দিত দেখা যায়। তিনি নিজেই বিভিন্ন প্রাচীন স্থাপনার ছবি ধারণ করেন এবং এই অঞ্চলের সমৃদ্ধ ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে গভীর আগ্রহ প্রকাশ করেন। এ সময় প্রশাসনের পক্ষ থেকে তাঁকে স্থাপনাগুলোর ঐতিহাসিক পটভূমি ও গুরুত্ব বিস্তারিতভাবে বুঝিয়ে বলা হয়।
মার্কিন রাষ্ট্রদূতের এই উচ্চপর্যায়ের সফরকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাজহারুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।











