রাজস্ব ফাঁকি দিয়ে গাড়ির যন্ত্রাংশের চালান পাচারের চেষ্টা, গোডাউন মালিক আটক
শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি করা গাড়ির যন্ত্রাংশের একটি চালান পাচারের চেষ্টার অভিযোগে সোহেল রানা নামে এক গোডাউন মালিককে আটক করেছে পুলিশ।
গত মঙ্গলবার রাতে উপজেলার কানসাটে সুন্দরবন কুরিয়ার সার্ভিস থেকে চালানটি জব্দ করা হয়। এ তথ্য নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস। আটক যুবক সোনামসজিদ-শিয়ালমারা সীমান্তের আইনাল হকের ছেলে।
পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস বলেন, দেশে রাজস্ব ফাঁকি দিয়ে আমদানি করা গাড়ির যন্ত্রাংশের একটি বড় চালান সুন্দরবন কুরিয়ার সার্ভিস কানসাট শাখা হতে পাচারের চেষ্টা করা হচ্ছিল পঞ্চগড়-যশোরসহ বিভিন্ন অঞ্চলে।
পুলিশ সেখানে অভিযান চালিয়ে জব্দ করে চালানটি। পুলিশ সুপার বলেন, সীমান্তবর্তী কয়লার বাড়ি ট্রাক টার্মিনাল এলাকা থেকে আটক করা হয় গোডাউন মালিককে। পুলিশের হেফাজতে নেয়া হয় তিনটি গোডাউন।
তিনি বলেন, বিগত সময়ের চালানের কপি খতিয়ে দেখে এর শেকড় বের করা হবে। সীমান্ত দিয়ে কৌশল পরিবর্তন করে চোরাচালান আসছে কিনা পুলিশ খতিয়ে দেখছে।
এদিকে জব্দকৃত মালামাল শিবগঞ্জ থানায় আনা হয়েছে। একই সঙ্গে গোডাউন মালিকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে হয়েছে বলে জানান শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান।











