ঢাকা | জুন ১৮, ২০২৬ - ১২:৫১ পূর্বাহ্ন

পুঠিয়ার বানেশ্বর পেঁয়াজ হাটে মোবাইল কোর্ট: দুই যুবকের কারাদণ্ড

  • আপডেট: Wednesday, June 17, 2026 - 11:22 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর পেঁয়াজ হাট এলাকায় মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বুধবার সন্ধ্যার পর পরিচালিত এই বিশেষ অভিযানে দুই যুবককে আটক করা হয়।

আটককৃতরা হলেন- রাকিব (২৭) ও পাপ্পু (২৮)। অভিযান চলাকালে তাঁদের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় ভ্রাম্যমাণ আদালতের বিচারক প্রত্যেককে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক ও অনলাইন জুয়ার মতো মারাত্মক সামাজিক ব্যাধি যুবসমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। সমাজের শান্তি-শৃঙ্খলা রক্ষা, তরুণ প্রজন্মকে রক্ষা এবং মাদকের বিস্তার রোধে নিয়মিত এই ধরনের তদারকি ও অভিযান পরিচালনা করা হচ্ছে। তারই অংশ হিসেবে আজ বানেশ্বর এলাকায় এই অভিযান চালানো হয়।

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক বিক্রেতা, মাদকসেবী এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বিনষ্টকারী যেকোনো অপরাধীর বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এই কঠোর ও জিরো টলারেন্স নীতি ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ওয়ান্টেড অপরাধী ও সামাজিক অপরাধ দমনে এই ধরণের অভিযান আরও জোরদার করা হবে।