ঢাকা | জুন ১৭, ২০২৬ - ১:৪১ পূর্বাহ্ন

শিরোনাম

উপজেলার উন্নয়নে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি শহিদুল ইসলাম

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 11:07 pm

বাঘা প্রতিনিধি: রাজশাহীর নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম বাঘা উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিদের সাথে উপজেলার সার্বিক উন্নয়ন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন অনিয়ম নিয়ে মতবিনিময় করেছেন।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম বলেন, উপজেলার সার্বিক উন্নয়ন করতে সকল সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করতে হবে। এ সময় তিনি সকল কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা কামনা করেন। মতবিনিময় সভায় তিনি উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে মতামত গ্রহণ করেন।

জেলা প্রশাসক আরও বলেন, প্রধানমন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী জনগণের কল্যাণে এবং সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। অপরাধের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, অপরাধীদের নাম বলুন, ব্যবস্থা নেব। শুধু প্রশাসন নির্ভর না হয়ে আপনাদেরও নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। তাহলেই সবাই মিলে স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে।

সভায় সরকারের খাল খনন ও বৃক্ষরোপণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া অবৈধ পুকুর খনন, বালু উত্তোলন, সড়কসহ বিভিন্ন নির্মাণ কাজে অনিয়ম, মাদক, ইমো হ্যাকিং, ফুটপাত দখল, ভেজাল পণ্য ক্রয়-বিক্রয়, যানজট, পরিবেশ দূষণ, বিদ্যুতের লোডশেডিং এবং বাল্যবিবাহসহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মি আক্তারের সভাপতিত্বে এবং প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা মনসুর আলীর সঞ্চালনায় সভায় সুধীজনরা উপজেলার উন্নয়নে বিভিন্ন পরামর্শ ও মতামত তুলে ধরেন।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাঘা উপজেলা বিএনপির আহ্বায়ক ফকরুল হাসান বাবলু, সদস্য সচিব আশরাফ আলী মলিন, বাঘা পৌর বিএনপির সাধারণ সম্পাদক তফিকুল ইসলাম তফি, সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহ্বায়ক শফিউর রহমান শফি, উপজেলা মৎস্য কর্মকর্তা তহুরা হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বাশের, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন খাতুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর, পল্লী বিদ্যুৎ বাঘা জোনের ডিজিএম মনিরুল ইসলাম এবং বাঘা প্রেস ক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ মিঞা।

এর আগে মতবিনিময় সভার শুরুতে বাঘা উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম।