ঢাকা | জুন ১৭, ২০২৬ - ১২:১১ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় দুই মাদকসেবী ও অনলাইন জুয়াড়িকে কারাদণ্ড

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 10:56 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলায় মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার উপজেলার শিবপুর হাট ও খুঁটিপাড়া এলাকায় এই মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ২ জন মাদকসেবী ও অনলাইন জুয়ায় আসক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন- সোহাগ ও শান্ত। অভিযানে তাদের উভয়কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একই সাথে অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মাদকাসক্তি ও অনলাইন জুয়ার বিস্তার রোধে প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা এবং সমাজের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে মাদক বিক্রেতা, মাদকসেবী ও অনলাইন জুয়ার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আগামীতেও এমন কঠোর অভিযান অব্যাহত থাকবে।

প্রশাসন সর্বস্তরের জনগণকে মাদক ও জুয়ার অপসংস্কৃতি থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছে এবং এই অপরাধ রোধে জনসচেতনতা বৃদ্ধিতে সমাজের সকলের সহযোগিতা কামনা করেছে।