ঢাকা | জুন ১৭, ২০২৬ - ২:৩১ পূর্বাহ্ন

শিরোনাম

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে আবারও পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ

  • আপডেট: Tuesday, June 16, 2026 - 10:52 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের রোকনপুর সীমান্ত দিয়ে আবারও এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবির তাৎক্ষণিক হস্তক্ষেপে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

এদিকে বিএসএফের পুশ-ইন কার্যক্রমে সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে পুলিশের কাছে সোপর্দ করেছে বিজিবি।

বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত সোমবার রাত প্রায় ১০টা ৪৫ মিনিটে নওগাঁ ১৬ বিজিবির রোকনপুর বিওপির দায়িত্বপূর্ণ ২২৫/৩-আর সীমান্ত পিলার এলাকায় প্রতিপক্ষ ভারতের ৮৮ ব্যাটালিয়ন বিএসএফের-আর কে ওয়াদা ক্যাম্পের সদস্যরা কয়েকজন সিভিল মাঝির সহায়তায় নৌকাযোগে এক নারীকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা চালায়। এ সময় বিজিবি টহল দলের দ্রুত হস্তক্ষেপে পুশ-ইনের চেষ্টা প্রতিহত করা হয়।

এর আগে গত ১৩ জুন একই সীমান্ত দিয়ে ১৫ জনকে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টাও প্রতিহত করে বিজিবি। পরে বিএসএফ তাদের ভারতের অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে যায়। বিজিবি জানিয়েছে, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

এদিকে গোমস্তাপুর থানার ওসি নুরে আলম জানিয়েছেন, বিএসএফের পুশ-ইন কার্যক্রমে সহায়তা করার অভিযোগে ৭ বাংলাদেশিকে বিজিবি পুলিশের কাছে সোপর্দ করেছে। গত সোমবার রাতেই তাদের থানায় হস্তান্তর করা হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।

আটককৃতরা হলো- গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাবুল আক্তার, এমদাদুল হক, রয়েল, আজম, আলম, আসমাউল ও মেজবাউল।