ঢাকা | জুন ১৬, ২০২৬ - ১:৫৯ পূর্বাহ্ন

শিরোনাম

শিবগঞ্জে গৃহপরিচারিকা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ

  • আপডেট: Monday, June 15, 2026 - 10:38 pm

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১৪ বছর বয়সী গৃহপরিচারিকা নয়নী খাতুন হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে সচেতন শিক্ষার্থীদের ব্যানারে শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী চলা বিক্ষোভ সমাবেশে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা নয়নীর হত্যাকাণ্ডকে নৃশংস ও মর্মান্তিক উল্লেখ করে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

তারা বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধে প্রশাসনকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে। এতিম  নয়নী হত্যার সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের পাশাপাশি প্রকৃত অপরাধীদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে।

এতে বক্তব্য রাখেন, নিহতের দাদা সোহবুল হক, দাদি আকলিমা বেগম, ছাত্র আন্দোলনকারী মোত্তাসিন বিল্লাহ ও সাইমুন সাদাবসহ অন্যরা। এদিকে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।