চাঁপাইনবাবগঞ্জে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে চেম্বারের সংবাদ সম্মেলন
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: প্রস্তাবিত জাতীয় বাজেট ব্যবসা-বাণিজ্যের প্রসার, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ।
সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার ভবনে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় চেম্বারের নেতৃবৃন্দ বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন।
আব্দুল ওয়াহেদ বলেন, প্রস্তাবিত বাজেটে ব্যবসায়ীদের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তিনি ব্যবসা ও শিল্প খাতের টার্নওভার কর বৃদ্ধির প্রস্তাব সংশোধন করে কমানোর দাবি জানান।
সংবাদ সম্মেলনে তিনি উত্তরাঞ্চলের উন্নয়নে বরাদ্দকৃত ৩০০০ কোটি টাকার প্রকল্প দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি, চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরকে পুনাঙ্গ বন্দরে রূপ দেয়া, আমভিত্তিক শিল্প প্রতিষ্ঠা, অ্যাগ্রো-ভিত্তিক ইপিজেড এবং সোনামসজিদ থেকে সিরাজগঞ্জ পর্যন্ত মহাসড়ক ৪ লেনে উন্নয়নের দাবি তুলে ধরেন।
তিনি বলেন, এসব প্রকল্প বাস্তবায়িত হলে জেলার ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন সুযোগ সৃষ্টি হবে। প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চেম্বারের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











