ঢাকা | জুন ১৬, ২০২৬ - ১২:১৮ পূর্বাহ্ন

শিরোনাম

গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত

  • আপডেট: Monday, June 15, 2026 - 10:40 pm

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে গ্রাম আদালত বিষয়ক বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। গত রোববার বিকেলে গোমস্তাপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়। ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর আতিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোমস্তাপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শরীফ উদ্দীন।

এতে স্বাগত বক্তব্য দেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। অন্যদের মধ্যে আরও বক্তব্য দেন— ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আলাউদ্দীন, সিনিয়র সাংবাদিক আতিকুল ইসলাম আজম এবং স্থানীয় সুধীজন নাজমুল হক ফয়জুলী। ক্যাম্পেইনে ইউনিয়ন পরিষদের সদস্যসহ বিভিন্ন ওয়ার্ডের নানা শ্রেণি ও পেশার মানুষ অংশ নেন।

আলোচনার শুরুতে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ক্যাম্পেইনের সামগ্রিক উদ্দেশ্য তুলে ধরা হয়। এতে বাংলাদেশের গ্রামীণ এলাকার জনগণ, বিশেষত নারী, জাতিগত সংখ্যালঘু এবং সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর ন্যায়বিচারের সুযোগ বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ভিডিও শো প্রদর্শনী শেষে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। পরে একটি সচেতনতামূলক নাটক মঞ্চস্থ হয় এবং কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও ইউএনডিপির যৌথ অর্থায়নে এবং স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে ‘গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের উদ্যোগে ইউনিয়ন পর্যায়ে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে এই বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো অনুষ্ঠিত হচ্ছে।