ভূমিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
সোনালী ডেস্ক: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এবং ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার ভূমি মন্ত্রণালয়ে মন্ত্রীর দপ্তরে অনুষ্ঠিত এ সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
সাক্ষাৎকালে ভূমিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও সুদৃঢ় সম্পর্ক বিদ্যমান। তিনি শিক্ষা, প্রযুক্তিগত সহযোগিতা, বৃত্তিমূলক প্রশিক্ষণ এবং গবেষণার ক্ষেত্রে দুই দেশের মধ্যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ও সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান।
এ সময় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বাংলাদেশের ভূমি ব্যবস্থাপনা ও এর ডিজিটালাইজেশন কার্যক্রমের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রদূতকে অবহিত করেন। তিনি বলেন, ভূমিসেবা ডিজিটালাইজেশন বাংলাদেশের একটি উল্লেখযোগ্য অর্জন।
এ কার্যক্রম জনগণকে ক্ষমতায়িত করার পাশাপাশি সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সহায়তা করছে। এর ফলে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্যও উল্লেখযোগ্যভাবে কমে এসেছে।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করে বলেন, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে যুক্তরাষ্ট্র যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জবাবে রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বলেন, নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণ বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের ধারাকে আরও গতিশীল করবে।
তিনি গণতন্ত্র সুসংহতকরণ, মানবাধিকার সুরক্ষা এবং আর্থসামাজিক উন্নয়নের ক্ষেত্রে অতীতের মতো ভবিষ্যতেও যুক্তরাষ্ট্রের সহযোগিতা অব্যাহত থাকবে বলে প্রত্যয় ব্যক্ত করেন। সাক্ষাৎকালে ভূমি মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।











