ঢাকা | জুন ১৫, ২০২৬ - ২:৪৩ পূর্বাহ্ন

রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড

  • আপডেট: Sunday, June 14, 2026 - 10:45 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ছোট যমুনা নদী থেকে অবৈধভাবে ভাসমান ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন বন্ধ করে দিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) বা এসিল্যান্ড। গত কয়েক দিন ধরে নদী থেকে বালু তোলা হচ্ছে- এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাসমান ড্রেজার মেশিনের পাইপগুলো খুলে দেন তিনি। অভিযানকালে ঘটনার সাথে জড়িতরা পালিয়ে যাওয়ার কারণে জরিমানা কিংবা সাজা দেয়া সম্ভব হয়নি।

তবে নওগাঁর আত্রাই উপজেলার গুলবর হোসেন নামে এক ব্যক্তির বিরুদ্ধে এই বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। তিনি পানি উন্নয়ন বোর্ডের সরকারি কাজের অজুহাতে ছোট যমুনা নদী থেকে এই বালু উত্তোলন করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নওগাঁর ছোট যমুনা নদীর রাণীনগর অংশের মালঞ্চি নামক স্থানে বাঁধ রক্ষার নামে জরুরি কাজ হবে-এমন কারণ দেখিয়ে ওই এলাকায় ভাসমান ড্রেজার মেশিন দিয়ে গত মঙ্গলবার থেকে বালু উত্তোলন শুরু করা হয়। সরকারি কোনো অনুমতি ছাড়াই বালু তোলার খবর পেয়ে গতকাল রোববার দুপুরে সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে গেলে পাশাপাশি দুটি ভাসমান ড্রেজার মেশিন দেখতে পান। তবে তাঁর উপস্থিতি টের পেয়ে বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এ সময় জড়িত কাউকে না পেয়ে ড্রেজার মেশিনের পাইপ খুলে দেওয়া হয়।

ভাসমান ড্রেজারের মালিক গুলবর হোসেন জানান, তিনি বালু তোলার ব্যবসা করেন এবং অফিসের লোকজন তাঁকে বালু তোলার কাজে নিয়ে যায়। চুক্তি অনুযায়ী ইতোমধ্যে তিনি নদী থেকে প্রায় ২০ হাজার সেফটি বালু তুলেছেন। গতকাল রোববার দুপুরে এসিল্যান্ড এসে তাঁর মেশিনের পাইপ খুলে দিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন। তবে কার সাথে চুক্তি করে তিনি বালু তোলার কাজ করছেন, তাঁর নাম প্রকাশ করতে অপরাগতা জানান গুলবর হোসেন।

রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, অবৈধভাবে বালু তোলার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যান। নদী থেকে কিছু বালু তুললেও তা কোথায় বিক্রি করা হচ্ছে বা নেওয়া হচ্ছে, এমন কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। যার কারণে আপাতত ড্রেজার মেশিনের পাইপ খুলে রেখে বালু উত্তোলন বন্ধ করার নির্দেশনা দেওয়া হয়েছে।