ঢাকা | জুন ১৫, ২০২৬ - ১২:৫৫ পূর্বাহ্ন

সোনালী সংবাদে খবর প্রকাশ: তানোরে সেই শিক্ষার্থীর পাশে এমপিসহ যুবদলের নেতৃবৃন্দ

  • আপডেট: Sunday, June 14, 2026 - 11:05 pm

সাইদ সাজু, তানোর থেকে: রাজশাহী অঞ্চলের সর্বাধিক প্রচারিত দৈনিক সোনালী সংবাদসহ বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশের পর রাজশাহীর তানোরের সেই চা-দোকানির মেয়ে ও জামালপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী মাহমুদার পাশে দাঁড়িয়েছেন তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী।

রোববার বিকেলে তিনি তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামে ওই শিক্ষার্থীর বাড়িতে গিয়ে তাঁর বাবার হাতে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা তুলে দেন। ওই মেধাবী শিক্ষার্থী যেন তাঁর পড়াশোনা চালিয়ে যেতে পারেন, সেজন্যই এই আর্থিক সহায়তা দেয়া হয়েছে বলে জানান শরিফ উদ্দিন মুন্সী।

এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন তানোর উপজেলা যুবদলের আহ্বায়ক গোলাম মর্তুজা, পাঁচন্দর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গাফ্ফার, পাঁচন্দর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য ও বিএনপি নেতা মাইনুল ইসলাম প্রমুখ।

এর আগে, গত শনিবার বিকেলে স্থানীয় সংসদ সদস্য (সাংসদ) অধ্যাপক মুজিবুর রহমান ওই শিক্ষার্থীর পরিবারকে ২০ হাজার টাকা অনুদান প্রদান করেন। তারও আগে তানোরের মাদারীপুর গ্রামের বাসিন্দা আমেরিকা প্রবাসী আহম্মদ হোসেন ‘আহম্মদ চ্যারিটি’র পক্ষ থেকে ৪০ হাজার টাকা মূল্যের একটি কঙ্কাল (মেডিকেল শিক্ষার জন্য প্রয়োজনীয়) প্রদানের আশ্বাস দেয়ার পাশাপাশি মাহমুদার মাসিক খরচ দেয়ারও ঘোষণা দেন।

উল্লেখ্য, তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামের এক চা-দোকানির মেয়ে মাহমুদা এ বছর জামালপুর মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কিন্তু আর্থিক সঙ্কটের কারণে তাঁর পড়াশোনার খরচ চালানো নিয়ে পরিবারটি চরম দুশ্চিন্তায় পড়ে। এ নিয়ে বিভিন্ন সংবাদপত্র ও অনলাইন পোর্টালে সংবাদ প্রকাশিত হলে মানবিক সহায়তায় এগিয়ে আসতে শুরু করেন বিভিন্ন ব্যক্তিবর্গ।