ঢাকা | জুন ১৪, ২০২৬ - ২:৩৩ পূর্বাহ্ন

হিমাগার ভাড়া পুননির্ধারণে কমিটি গঠন

  • আপডেট: Saturday, June 13, 2026 - 10:49 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীতে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া বৃদ্ধি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। কমিটির আহ্বায়ক করা হয়েছে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলীকে। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির প্রতিবেদন না আসা পর্যন্ত আগের নিয়মে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা হারে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে।

শনিবার বিকেলে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এসময় তিনি বলেন, “হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া নিয়ে উদ্ভূত সমস্যা সমাধানে ভাড়া পুননির্ধারণের জন্য সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির সিদ্ধান্ত না আসা পর্যন্ত আগের নিয়মে প্রতি কেজি আলু সংরক্ষণের ভাড়া ৬ টাকা বহাল থাকবে।”

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, রাজশাহীতে কোল্ড স্টোরেজ বা হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া এবং আলু পরিবহন ব্যয় বৃদ্ধি নিয়ে আলুচাষি, ব্যবসায়ী ও হিমাগার মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ পরিস্থিতিতে আলু ব্যবসায়ী, চাষি প্রতিনিধি ও হিমাগার মালিকদের নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে জরুরি সভা ডাকা হয়। সভায় আলু সংরক্ষণ, হিমাগার ভাড়া, পরিবহন ব্যয় এবং ব্যবসায়ীদের বিভিন্ন দাবি নিয়ে আলোচনা হয়। এর আগে হিমাগারে আলু সংরক্ষণের ভাড়া কমানোর দাবিতে হিমাগার থেকে আলু বেচাকেনা বন্ধ রাখেন আলুচাষি ও ব্যবসায়ীরা।

সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাছান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. মহিনুল হাসান, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি হাসেন আলীসহ রাজশাহী কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন এবং রাজশাহী জেলা আলু ও কাঁচামাল ব্যবসায়ী সমবায় সমিতির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।