বাগমারায় বাবার আবেদন মাদকাসক্ত ছেলেকে কারাদণ্ড দিলেন ইউএনও
বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বাবার আবেদনের প্রেক্ষিতে মাদকাসক্ত ছেলেকে আটকের পর কাউন্সেলিং করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের কারাদণ্ড দেয়া হয়। একই সাথে ১০০ টাকা জরিমানা অনাদায় আরো ১৫ দিনের কারাভোগের আদেশ দেয়া হয়েছে।
জানা গেছে, বাগমারা উপজেলার বাসুপাড়া ইউনিয়নের নরসিংহপুর গ্রামের রেজাউল করিমের ছেলে নাঈম ইসলাম (২৫) মাদকের টাকার জন্য বাবা-মাকে প্রায়ই মারপিট করত।
তার বাবা অভিযোগ করেন, বাড়ির জিনিসপত্র বিক্রি করে মাদক গ্রহণ করত ছেলে। তাঁর এমন অবস্থায় অতিষ্ঠ হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে আবেদন করেন তিনি। পরে কাউন্সেলিং করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁকে দুই মাসের কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ।
এদিকে আটকের পর মাদকাসক্ত নাঈমকে নেশা ছাড়লে কারাভোগের পর কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়ার কথাও বলেন ইউএনও। হাতকড়া পরা অবস্থায় মাদকাসক্ত নাঈম ইসলামকে ইউএনওর কর্মসংস্থানের প্রতিশ্রুতি দেয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত নাঈমকে থানায় হস্তান্তর করার পর মঙ্গলবার সকালে কারাগারে পাঠানো হয়েছে।











