ঢাকা | জুন ৯, ২০২৬ - ১১:২৯ অপরাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় এসএসসি পরীক্ষার্থী কিশোরীতে অপহরণের অভিযোগ

  • আপডেট: Tuesday, June 9, 2026 - 10:12 pm

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়ায় এক এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেয়ের মা রুনা বেগম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী কিশোরী (১৫) একজন এসএসসি পরীক্ষার্থী। তিনি রাজশাহীর বেলপুকুর থানার ধাদাস গ্রামের বাসিন্দা।

অভিযোগে বলা হয়, একই এলাকার তাড়াশ গ্রামের অন্তর (২৫) দীর্ঘদিন ধরে ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন। প্রস্তাবে সাড়া না দেয়ায় তিনি বিভিন্ন সময় ভয়ভীতি প্রদর্শন ও অপহরণের হুমকি দেন বলে অভিযোগ করা হয়েছে।

লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, গত সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে ওই শিক্ষার্থী আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফেরার উদ্দেশে পুঠিয়ার বানেশ্বর বাজারে আসেন। এ সময় পূর্বপরিকল্পিতভাবে অন্তর ও মনজুর রহমান নামে দুই ব্যক্তি তাঁকে জোরপূর্বক তুলে নিয়ে যান। এ ঘটনায় অন্তরের বাবা বারিক আলী, মা হাফিজা বেগম ও বোন রেখা খাতুনের সহযোগিতার অভিযোগও করা হয়েছে।

পরিবারের সদস্যরা জানান, নির্ধারিত সময়ের মধ্যে কিশোরী বাড়ি না ফেরায় তাঁরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনের মাধ্যমে জানতে পারেন, অভিযুক্তরা তাঁকে জোরপূর্বক নিয়ে গেছেন। বিষয়টি নিয়ে অভিযুক্তদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে কিছু জানেন না বলে দাবি করেন।

ভুক্তভোগীর মা রুনা বেগম অভিযোগে তাঁর মেয়েকে দ্রুত উদ্ধার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, একজন এসএসসি পরীক্ষার্থীকে অপহরণের অভিযোগে থানায় একটি লিখিত আবেদন পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মেয়েটিকে উদ্ধারের জন্য পুলিশ কাজ শুরু করেছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।