ঢাকা | জুন ৯, ২০২৬ - ১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

গোমস্তাপুরে ১৯ মামলার আসামি মাদকের সম্রাট স্বামী-স্ত্রী আটক

  • আপডেট: Monday, June 8, 2026 - 10:58 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এক দম্পতিকে আটকের পর সাজা দেয়া হয়েছে।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, তাদের বিরুদ্ধে ১৯টি মামলা রয়েছে। এতগুলো মামলা মাথায় নিয়েই তারা গড়ে তুলেছিলেন মাদকের সাম্রাজ্য।

সোমবার গোমস্তাপুর উপজেলার কেডিসিপাড়া থেকে মাদক ব্যবসায়ী মো. আব্দুস সাত্তার (৭০) ও তার স্ত্রী মোসা. সাজেদা বেগমকে (৪৭) আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সাজা দেয়া হয়। চাঁপাইনবাবগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।  সাত্তার-সাজেদা দম্পতি কেডিসিপাড়ার বাসিন্দা।

ডিএনসি উপপরিচালক চৌধুরী ইমরুল হাসান বলেন, গতকাল সোমবার বেলা ১১ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত মাদকবিরোধী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় কেডিসিপাড়া থেকে ৭০ গ্রাম গাঁসাসহ সাজেদা বেগম ও ১৮০ গ্রাম গাঁজাসহ আব্দুস সাত্তারকে আটক করা হয়।

পরবর্তীতে দুটি ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেন।

তিনি আরও বলেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা’র  ভ্রাম্যমাণ আদালতে আব্দুস সাত্তারকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়।

অন্যদিকে সাজেদা বেগমকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির মুন্সি। চৌধুরী ইমরুল হাসান জানান, সাত্তার-সাজেদা দম্পতির নামে মোট ১৯ টি মামলা রয়েছে। এরমধ্যে আব্দুস সাত্তারের বিরুদ্ধে ৯ টি এবং সাজেদা বেগমের বিরুদ্ধে ১০টি। এতগুলো মামলা মাথায় নিয়েই তারা কেডিসিপাড়ায় মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন।