ঢাকা | জুন ৯, ২০২৬ - ১২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

  • আপডেট: Monday, June 8, 2026 - 11:26 pm

সোনালী ডেস্ক: ছয় দফা দাবিতে সারা দেশে শুরু হওয়া অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ইন্টার্ন চিকিৎসকেরা। ঘোষণা অনুযায়ী, মঙ্গলবার (৯ জুন) থেকে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকেরা তাদের স্বাভাবিক দায়িত্বে ফিরবেন বলে জানিয়েছেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর এবং স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সঙ্গে বৈঠকের পর সোমবার রাতে তারা কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত জানান। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরে অনুষ্ঠিত বৈঠকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এবং ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে বলা হয়, এফসিপিএস (পার্ট-১) ও এমডি/এমএস (ফেজ-১) পরীক্ষায় উত্তীর্ণ সব বেসরকারি প্রশিক্ষণার্থী ভাতা পাবেন এবং প্রতি মাসে এ ভাতা পরিশোধ করা হবে। সরকারের নবম পে-স্কেল বাস্তবায়নের সঙ্গে সামঞ্জস্য রেখে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের বর্তমান ভাতা আনুপাতিক হারে বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

এছাড়া ‘স্বাস্থ্য সুরক্ষা আইন’ প্রণয়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব প্রক্রিয়া অনুসরণ করে অংশীজনদের সঙ্গে পরামর্শক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির বিষয়টি বিবেচনার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে সুপারিশ করা হবে বলেও বৈঠকে সিদ্ধান্ত হয়।

একই সঙ্গে বিসিপিএস ও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফি যৌক্তিক পর্যায়ে নির্ধারণে স্বাস্থ্য মন্ত্রণালয় প্রয়োজনীয় সহযোগিতা করবে। বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও মেডিকেল কলেজে কর্মরত চিকিৎসকদের জন্য একটি সম্মানজনক বেতন কাঠামো প্রণয়নের লক্ষ্যে অংশীজনদের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নেওয়ার বিষয়েও ঐকমত্য হয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, আলোচনায় গৃহীত সিদ্ধান্তগুলো আগামী সাত কর্মদিবসের মধ্যে বাস্তবায়ন শুরু করার আশ্বাসের পরিপ্রেক্ষিতে ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিরা চলমান কর্মবিরতি ও ওয়ার্ড বর্জন কর্মসূচি প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন।

যৌথ বিবৃতিতে স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন এবং ইন্টার্ন ও পোস্ট গ্র্যাজুয়েট চিকিৎসকদের প্রতিনিধিরা স্বাক্ষর করেন।

এদিকে ছয় দফা দাবিতে দ্বিতীয় দিনের মতো সোমবারও কর্মবিরতি পালন করেছিলেন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকরা। এর ফলে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাসেবা ব্যাহত হয়। এতে চরম ভোগান্তিতে পড়তে হয় রোগী এবং তাদের স্বজনদের।

আন্দোলনের দ্বিতীয় দিন সোমবার বেলা সোয়া ১১টার দিকে দাবি আদায়ে রামেক হাসপাতালের প্রধান ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন ইন্টার্ন চিকিৎসকরা।

সোমবার সকালের দিকে হাসপাতাল ঘুরে দেখা যায়, ইন্টার্ন চিকিৎসকদের অনুপস্থিতিতে ওয়ার্ডগুলোতে স্বাভাবিক কার্যক্রমে প্রভাব পড়েছে। নতুন রোগী ভর্তি, নিয়মিত পর্যবেক্ষণ, ছাড়পত্র, ব্যবস্থাপত্রসহ বিভিন্ন কাজেও ধীরগতি দেখা দেয়। প্রয়োজনীয় পরামর্শ ও চিকিৎসা নিতে রোগীকে দীর্ঘ অপেক্ষা করতে হয়।

সোনালী/জগদীশ রবিদাস