ঢাকা | জুন ৯, ২০২৬ - ২:৩৩ পূর্বাহ্ন

শিরোনাম

পুঠিয়ায় গভীর রাতে প্রশাসনের হানা

  • আপডেট: Monday, June 8, 2026 - 10:57 pm

স্টাফ রিপোর্টার: রাজশাহীর পুঠিয়া উপজেলায় ফসলি জমির উর্বর উপরিভাগের মাটি (টপসয়েল) অবৈধভাবে কাটার বিরুদ্ধে গভীর রাতে ঝটিকা অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

গত শনিবার রাত থেকে গত রোববার ভোররাত পর্যন্ত উপজেলার শিলমাড়িয়া ইউনিয়নের তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় এই অভিযান চালানো হয়। এ সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর (ভেকু মেশিন) জব্দ করতে না পেরে সেটিকে ঘটনাস্থলেই যান্ত্রিকভাবে অকেজো করে দেয় প্রশাসন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফসলি জমির টপসয়েল কেটে নেওয়ার গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার (৭ জুন) রাত ১১টা থেকে গত রোববার (৮ জুন) রাত ২টা ২০ মিনিট পর্যন্ত তেতুলিয়া দক্ষিণ বিল এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

তবে প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি কাটার সিন্ডিকেটের মূল হোতা ও শ্রমিকরা ঘটনাস্থল থেকে সটকে পড়ে। ফলে কাউকে হাতেনাতে আটক করা সম্ভব হয়নি এবং তাৎক্ষণিকভাবে কোনো মোবাইল কোর্টও পরিচালনা করা যায়নি।

অভিযান পরিচালনাকারী দল জানায়, ঘটনাস্থলে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি বড় এস্কেভেটর পাওয়া গেলেও রাতে সেটি পরিবহনের উপযুক্ত ব্যবস্থা ছিল না। ফলে সিন্ডিকেটের সদস্যরা যাতে পুনরায় এটি ব্যবহার করে ফসলি জমির ক্ষতি করতে না পারে, সেজন্য এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নির্দেশে যন্ত্রটিকে ঘটনাস্থলেই যান্ত্রিকভাবে অকেজো করে দেওয়া হয়।

অভিযানটির নেতৃত্ব দেন পুঠিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস। প্রশাসনের একটি চৌকস দল তাঁর সাথে এই অভিযানে অংশ নেয়।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ ও কৃষির জন্য মারাত্মক ক্ষতিকর এই টপসয়েল কাটা চক্রের বিরুদ্ধে তাঁদের অবস্থান কঠোর। উপজেলার ফসলি জমির উর্বরতা রক্ষা এবং কৃষিজমি সংরক্ষণে এই ধরনের আকস্মিক ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সোনালী/জগদীশ রবিদাস