ঢাকা | জুন ৭, ২০২৬ - ২:১২ পূর্বাহ্ন

শিরোনাম

“আগে সচেতনতা, তারপর নিধন”: ডেঙ্গু রুখতে রাসিক প্রশাসকের বিশেষ আহ্বান

  • আপডেট: Sunday, June 7, 2026 - 12:00 am

স্টাফ রিপোর্টার: বর্ষা মৌসুমের আগেই ডেঙ্গুর প্রকোপ রুখতে এবং নগরবাসীকে সচেতন করতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

শুধু মশক নিধন অভিযানই নয়, বরং ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীর সক্রিয় অংশগ্রহণ ও সচেতনতাই এই মুহূর্তের সবচেয়ে বড় হাতিয়ার—এই মূল বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতেই আয়োজন করা হয় বিশেষ সচেতনতামূলক র‌্যালির।

শনিবার নগর ভবনের সামনে থেকে শুরু হওয়া “ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনমূলক র‌্যালি-২০২৬” মহানগরীর দড়িখরবোনা মোড় ও কাদিরগঞ্জ প্রদক্ষিণ করে পুনরায় নগর ভবন চত্বরে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

র‌্যালি শেষে নগর ভবন চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে রাসিক প্রশাসক ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের ওপর জোর দিয়ে বলেন, “ডেঙ্গু একটি মারাত্মক মশাবাহিত রোগ হলেও সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এটি প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, নিজেদের পরিবার ও প্রিয় নগরীকে সুরক্ষিত রাখতে সবাই মিলে ডেঙ্গু প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করি।”

নগরবাসীকে যার যার অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “ডেঙ্গুমুক্ত রাজশাহী মহানগরী গড়ে তুলতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। তবে ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশনের কার্যক্রমের পাশাপাশি নগরবাসীকেও নিজ আঙ্গিনা ও আশপাশ পরিষ্কার রাখতে হবে। জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হতে হবে।”

সফলভাবে মহামারি ও রোগ প্রতিরোধের পূর্ব অভিজ্ঞতা টেনে রাসিক প্রশাসক আশাবাদ ব্যক্ত করে বলেন, ইতিপূর্বে হাম-রুবেলা মোকাবেলায় রাসিক যেভাবে সফল উদ্যোগ গ্রহণ করেছিল, এবারও ডেঙ্গু প্রতিরোধে একইভাবে কাজ করা হচ্ছে। এরই অংশ হিসেবে বর্ষার আগেই মশক নিধনে দুই সপ্তাহব্যাপী ফগার মেশিনে স্প্রে করার বিশেষ কার্যক্রম শুরু করা হবে বলে তিনি জানান।

সোনালী/জগদীশ রবিদাস