ঢাকা | জুন ৬, ২০২৬ - ১১:২১ অপরাহ্ন

মক্কায় হজ পালনকালে রুয়েটের সাবেক শিক্ষার্থীর ইন্তেকাল

  • আপডেট: Saturday, June 6, 2026 - 10:15 pm

রুয়েট প্রতিনিধি: পরিবারসহ পবিত্র হজব্রত পালন করতে গিয়ে সৌদি আরবের মক্কা নগরীতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট অ্যালামনাই রবিউল পারভেজ শিমুল (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

গত শুক্রবার (৫ জুন) মক্কায় অবস্থানকালে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

রবিউল পারভেজ রুয়েটের (তৎকালীন বিআইটি রাজশাহী) তড়িৎকৌশল বিভাগের ১৯৮৪-৮৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এর আগে তিনি রংপুর ক্যাডেট কলেজ থেকে সফলতার সাথে এসএসসি ও এইচএসসি সম্পন্ন করেন। পেশাগত জীবনে তিনি সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে কর্মরত ছিলেন এবং দীর্ঘ সময় ধরে পরিবারসহ সেখানেই স্থায়ীভাবে বসবাস করছিলেন।

পরিচিত ও সহপাঠীদের মাঝে রবিউল পারভেজ একজন অত্যন্ত সজ্জন, বিনয়ী ও ধর্মপ্রাণ মানুষ হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর সন্তানেরাও দ্বীনি শিক্ষায় দীক্ষিত; যাদের মধ্যে আলেম ও হাফেজ-হাফেজা রয়েছেন। পবিত্র হজের সফরে, বিশেষ করে জুমার মতো বরকতময় দিনে তাঁর এই চলে যাওয়াকে অনেকেই ‘সৌভাগ্যময় বিদায়’ হিসেবে অভিহিত করেছেন। তাঁর এই আকস্মিক মৃত্যুতে রুয়েট অ্যালামনাই মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর সহপাঠী, অনুজ ও শুভানুধ্যায়ীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক প্রকাশ করছেন। এদিকে রুয়েট পরিবারের পক্ষ থেকে এক বার্তায় মরহুম রবিউল পারভেজের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।