ঢাকা | জুন ৫, ২০২৬ - ১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও হামলার অভিযোগ, আদালতে মামলা

  • আপডেট: Thursday, June 4, 2026 - 10:55 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে এক কৃষকের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি, মারধর ও টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মৃধাসহ ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার ভুক্তভোগী কৃষক আব্দুস সালাম বাদী হয়ে রাজশাহী জেলা বিজ্ঞ দুর্গাপুর থানা আমলী ম্যাজিস্ট্রেট আদালতে এই চাঁদাবাজির এজাহার দায়ের করেন। ভুক্তভোগী কৃষক আব্দুস সালাম উপজেলার দেলুয়াবাড়ী ইউনিয়নের পাঁচুবাড়ী গ্রামের বাসিন্দা।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ২৭ মে দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মৃধা রাজনৈতিক প্রভাব খাটিয়ে কৃষক আব্দুস সালামের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই সময় চাঁদা দিতে অস্বীকৃতি জানালে বিএনপি নেতা সাত্তার মৃধা তাকে ভয়ভীতি দেখান এবং টাকা দেয়ার জন্য সাত দিনের আল্টিমেটাম দেন।

অভিযোগে আরও বলা হয়, চাঁদা দেওয়ার আল্টিমেটামের সময়সীমা শেষে গত বুধবার (৩ জুন) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে ১০ জন মিলে স্থানীয় পাঁচুবাড়ী বাজারের তিন রাস্তার মোড়ে কৃষক সালামকে ঘিরে ফেলেন। সেখানে আবারও তার কাছে এক লাখ টাকা দাবি করা হয়।

এ নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডার একপর্যায়ে অভিযুক্তরা ধারালো হাসুয়া দিয়ে সালামের মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।

পরে তার কাছে থাকা সাড়ে চার হাজার টাকা ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান। চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে দেলুয়াবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মৃধা বলেন, আমি চাঁদা চেয়েছি—এই দাবি সঠিক নয়। ওই ব্যক্তির সঙ্গে আমার ছেলের কিছু আর্থিক লেনদেন নিয়ে সমস্যা রয়েছে। এ নিয়ে বুধবার সন্ধ্যায় একটি ঝামেলা হয়েছে বলে শুনেছি, এর বেশি কিছু আমি জানি না।

এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চানন্দ সরকার জানান, এই সংক্রান্ত কোনো অভিযোগ এখনও থানায় আসেনি। আদালতে মামলা হলে নিয়মানুযায়ী নথিপত্র থানায় আসতে কিছুটা সময় লাগে। আদালতের নির্দেশের কপি হাতে পেলে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেওয়া হবে।