ঢাকা | জুন ৫, ২০২৬ - ১২:৪৫ পূর্বাহ্ন

শিরোনাম

দুর্গাপুরে ত্রাণের টাকা নিয়ে এমপির বিরুদ্ধে মিথ্যাচার, সংবাদ সম্মেলন

  • আপডেট: Thursday, June 4, 2026 - 10:53 pm

দুর্গাপুর প্রতিনিধি: রাজশাহীর দুর্গাপুরে ত্রাণের অর্থ বিতরণ নিয়ে রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে দুর্গাপুর ফাযিল ডিগ্রি মাদরাসা মাঠে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পৌর বিএনপির আহ্বায়ক অধ্যাপক হাসানুজ্জামান লাল্টু। তিনি লিখিত বক্তব্যে অভিযোগ করে বলেন, গত ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর উপজেলার রেজাউল করিম ওরফে করিম, সোয়াদ আলী, সজীব, আলামিন, নামের কথিত চার ব্যক্তি বিএনপির নাম ব্যবহার করে চাঁদাবাজি, জমি দখল, সুদের কারবার, মাদকসেবন ও বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাদের কর্মকাণ্ডে উপজেলা ও পৌর বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

এছাড়াও সম্প্রতি ত্রাণের অর্থ নিয়ে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডলের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে যে অভিযোগ ও প্রচারণা চালানো হয়েছে, তা মিথ্যা। এসব অপপ্রচারের মাধ্যমে সংসদ সদস্যের পাশাপাশি বিএনপির ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালানো হচ্ছে বলে অভিযোগ করে তিনি অভিযুক্ত ওই চার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেন।

এসময় উপজেলা বিএনপির আহ্বায়ক কামরুজ্জামান আয়নাল, সদস্য সচিব অধ্যাপক জোবায়েদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব আহম্মেদ রেজাউল করিম স্বপন, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইমাম হাসান সুমন, সাবেক সিনিয়র সহ-সভাপতি আজাদ রেজাউল করিম, আহ্বায়ক কমিটির সদস্য জার্জিস হোসেন সোহেল, পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজ মণ্ডল, বিএনপি নেতা, গোলাম সাকলায়েন, গোলাম মোর্তুজা, জেলা যুবদলের সদস্য মাহাবুর রহমান ও ছাত্রদল নেতা ঈমন আহমেদ সুমনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিকে ভুক্তভোগী ওই চার জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি।