ঢাকা | জুন ৫, ২০২৬ - ১:২১ পূর্বাহ্ন

শিরোনাম

তাপে পুড়ছে রাজশাহী

  • আপডেট: Thursday, June 4, 2026 - 10:22 pm

সোনালী ডেস্ক: সপ্তাহব্যাপী গরমে পুড়ছে রাজশাহীসহ দেশ। গতকাল বৃহস্পতিবার দেশের ৪৮ জেলায় বয়ে যাচ্ছে তাপপ্রবাহ, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ বিস্তৃত তাপপ্রবাহের রেকর্ড।

রাজশাহী আবহাওয়া অফিস জানায়, গতকাল রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এটি মাঝারি তাপপ্রবাহ এবং চলতি জুন মাসে সর্বোচ্চ তাপমাত্রা। সাধারণত মে মাসের শেষ দিকে দেশে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটলেও এবার তা বিলম্বিত হওয়ায় গরমের তীব্রতা আরও বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, চলমান তাপপ্রবাহ আজ শুক্রবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। তবে আগামীকাল শনিবার থেকে তাপমাত্রা ধীরে ধীরে কমতে শুরু করবে। দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হলেও তা আপাতত গরম থেকে উল্লেখযোগ্য স্বস্তি দিতে পারছে না।

গত বুধবার দেশের পাঁচ বিভাগ- ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশালে তাপপ্রবাহ বয়ে যায়। এসব বিভাগের ৪৫ জেলার পাশাপাশি চাঁদপুর, নোয়াখালী ও ব্রাহ্মণবাড়িয়াতেও তাপপ্রবাহ ছিল।

ফলে মোট ৪৮ জেলা এর আওতায় আসে। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, চলতি বছরে এত বিস্তৃত এলাকায় একসঙ্গে তাপপ্রবাহের ঘটনা ঘটেনি। জুন মাসজুড়েই তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। তবে শুক্রবার থেকে তাপপ্রবাহের বিস্তার কমতে শুরু করার সম্ভাবনা রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ৩৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। একই দিনে ঢাকায় তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস, যা চলতি মাসে রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা।

সাধারণত দেশের সবচেয়ে বেশি গরম পড়ে এপ্রিল মাসে এবং দ্বিতীয় সর্বোচ্চ মে মাসে। তবে এ বছর এপ্রিল ও মে মাসে তাপমাত্রা ছিল স্বাভাবিকের তুলনায় কম। এপ্রিল মাসে স্বাভাবিকের চেয়ে ৭৫ শতাংশের বেশি বৃষ্টিপাতও হয়েছে। কিন্তু জুনে মৌসুমি বায়ুর আগমনের নির্ধারিত সময় পেরিয়ে গেলেও এখনো তার দেখা মেলেনি।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, বর্তমান পরিস্থিতিতে দেশে মৌসুমি বায়ু প্রবেশ করতে আরও দুই থেকে তিন দিন সময় লাগতে পারে। মৌসুমি বায়ু প্রবেশের তিন থেকে চার দিনের মধ্যে সারা দেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে।

তিনি আরও জানান, শুক্রবার থেকে তাপপ্রবাহের পরিধি কমতে পারে। তবে তাপপ্রবাহ দুর্বল হলেও গরমের অনুভূতি দ্রুত কমবে না। উল্লেখ্য, গত বছর দেশে মৌসুমি বায়ু প্রবেশ করেছিল ২৫ মে। সাধারণত ৩১ মে এর আগমন ঘটে। এবার মৌসুমি বায়ুর প্রবেশে বিলম্ব হওয়ায় বৃষ্টিপাতও পিছিয়ে যাচ্ছে, ফলে গরমের অস্বস্তি আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা রয়েছে।