আমিরপুর খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার: পদ্মা নদীতে আমিরপুর খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছেন পবার চর মাজারদিয়াড় এলাকার বাসিন্দারা।
বৃহস্পতিবার নগরীর শ্রীরামপুর টি-বাঁধ এলাকায় পদ্মা নদীর তীরে এ মানববন্ধনের আয়োজন করে চর মাজারদিয়াড় এলাকার জনগণ। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। সেখানে তারা জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলামের কাছে খেয়াঘাটের ইজারা বাতিলের দাবিতে একটি স্মারকলিপি জমা দেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, চরাঞ্চলে উৎপাদিত কৃষিপণ্য নদী পার করে রাজশাহী শহরে এনে বিক্রি করতে হয়। কিন্তু খেয়াঘাটে ইজারার নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ করা হয় না। এর পরিবর্তে ইজারাদার কর্তৃপক্ষ সরকারি নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ও অযৌক্তিক টোল আদায় করে থাকে। এ বিষয়ে প্রতিবাদ করলে সাধারণ মানুষকে নানা ধরনের হয়রানি ও অপ্রীতিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলেও দাবি করেন তারা।
বক্তারা বলেন, পদ্মা নদীর ভাঙনের কারণে প্রতিবছর চর মাজারদিয়াড় এলাকার বিপুল পরিমাণ আবাদযোগ্য জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। ফলে কৃষিনির্ভর মানুষের আয়-রোজগারের সুযোগ ক্রমেই সংকুচিত হচ্ছে। এমন পরিস্থিতিতে কৃষিপণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী আনা-নেওয়ার জন্য ব্যবহৃত খেয়াঘাটে অতিরিক্ত টোল আদায় সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে দিচ্ছে।
মানববন্ধনে জানানো হয়, পবা উপজেলার ৪ নম্বর হরিপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চর মাজারদিয়াড় এলাকায় প্রায় ১০ থেকে ১২ হাজার মানুষের বসবাস। তাদের প্রায় ৯৮ শতাংশই কৃষিকাজের সঙ্গে জড়িত। এলাকায় কোনো গবাদিপশু করিডোর বা সীমান্ত পারাপারের পথ নেই। তাই কৃষক ও খেটে খাওয়া মানুষের জীবন-জীবিকার বিষয়টি বিবেচনায় নিয়ে মাজারদিয়াড় (আমিরপুর) খেয়াঘাটের ইজারা স্থায়ীভাবে বাতিলের দাবি জানান তারা। মানববন্ধনে উপস্থিত ছিলেন চর মাজারদিয়াড় ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য হুমায়ুন কবির, আইনজীবী সেলিম রেজা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ।











