তারেক রহমানের নেতৃত্বে আগামীর সরকার হবে সবচেয়ে কৃষিবান্ধব: বুলবুল
স্টাফ রিপোর্টার: রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এবং বিএনপির কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল বলেছেন, ‘কৃষক ও কৃষি খাতই দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি। কৃষকদের সার্বিক উন্নয়ন ও কল্যাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় নিবেদিতপ্রাণ।’
সাবেক এই মেয়র বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন বিপ্লবের ধারাবাহিকতায় ইতোমধ্যে দেশের বিভিন্ন এলাকায় আবারও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে ও সেচ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জনগণের ম্যান্ডেট নিয়ে তারেক রহমানের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছে, তা হবে অতীতের যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে কৃষিবান্ধব সরকার।’
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (ডিকেআইবি), রাজশাহী জেলা ও অঞ্চলের উদ্যোগে সংগঠনের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলনমেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়।
সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল তাঁর বক্তব্যে আরও বলেন, কৃষির আধুনিকায়ন, সেচ ব্যবস্থার সম্প্রসারণ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে সরকার বহুমুখী পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ করছে। এর ফলে দেশের সাধারণ কৃষক সমাজ সরাসরি সুফল ভোগ করবেন এবং গ্রামীণ অর্থনীতির চিত্র বদলে যাবে।
অনুষ্ঠানে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের রাজশাহী অঞ্চলের নেতৃবৃন্দ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, কৃষিবিদ, কৃষি সংশ্লিষ্ট বিজ্ঞানী ও কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা দেশের কৃষি খাতের টেকসই উন্নয়নে মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং তাদের পেশাগত মানোন্নয়ন ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
সোনালী/জগদীশ রবিদাস











