ঢাকা | জুন ৩, ২০২৬ - ১২:২৩ পূর্বাহ্ন

রহনপুরে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ও অসুস্থ খেলোয়াড়দের আর্থিক সহায়তা

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 10:18 pm

চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো: চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে কৃতী খেলোয়াড়দের সংবর্ধনা ও অসুস্থ খেলোয়াড়দের আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রহনপুর পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে মহানন্দা ক্রীড়া সংস্থার আয়োজনে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. মু. মিজানুর রহমান। সভায় অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন, সাবেক খেলোয়াড় ও ক্রীড়া সংগঠক আব্দুস সাত্তার বিশ্বাস, আব্দুস সালাম মাস্টার, ফারুক হোসেন বাবলু, অশোক কুমার ও তরিকুল ইসলাম বকুল।

সভায় স্থানীয় ক্রীড়াঙ্গনের উন্নয়ন, খেলাধুলার প্রসার, খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন পর্যায়ের খেলোয়াড়, প্রশিক্ষক, ক্রীড়া সংগঠক ও ক্রীড়া ব্যক্তিত্বরা নিজেদের মতামত তুলে ধরেন। সভায় প্রধান অতিথির ডা. মু. মিজানুর রহমান বলেন, যুব সমাজকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। তিনি বলেন, যুব সমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করা সময়ের অপরিহার্য দাবি। তিনি আরও বলেন, শিক্ষা ও ক্রীড়ার উন্নয়নের ক্ষেত্রে তিনি কখনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে চিন্তা করেন না এবং ভবিষ্যতেও করবেন না।

এ সময় তিনি এলাকার ক্রীড়ার উন্নয়নে মাঠ সংস্কার, জিমনেশিয়াম চালু, এমপি গোল্ডকাপ টুর্নামেন্ট আয়োজন এবং সরকারি বরাদ্দের অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। অনুষ্ঠানে জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য জাতীয় দলের ফুটবলার (অনূর্ধ্ব-২০) ইউসুফ আলী ও জাতীয় দলের (অনূর্ধ্ব-১৮) বাস্কেটবল খেলোয়াড় ইব্রাহিম খলিল সোহাগকে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া অসুস্থ চারজন সাবেক খেলোয়াড়কে আর্থিক সহায়তা দেয়া হয়।একই অনুষ্ঠানে চারটি ক্রীড়া ও সামাজিক প্রতিষ্ঠানকে ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি ক্রীড়াঙ্গনে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ৪০ জন ক্রীড়া ব্যক্তিত্বকে সম্মাননা ক্রেস্ট তুলে দেয়া হয়।

সংবর্ধিত খেলোয়াড়, কোচ ও ক্রীড়া সংগঠকরা বলেন, এ ধরনের আয়োজন সাবেক, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের খেলোয়াড়দের অনুপ্রাণিত করবে এবং স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আয়োজকরা জানান, তৃণমূল পর্যায়ে খেলাধুলার বিকাশ, নতুন প্রতিভা খুঁজে বের করা এবং ক্রীড়াবান্ধব পরিবেশ গড়ে তুলতে ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে। সভায় গোমস্তাপুর উপজেলা ও রহনপুর পৌরসভার বিভিন্ন ক্রীড়া সংগঠনের প্রতিনিধি, সাবেক ও বর্তমান খেলোয়াড়, কোচ, ক্রীড়া সংগঠক ও ক্রীড়ানুরাগীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা স্থানীয় ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।