ঢাকা | জুন ৩, ২০২৬ - ১২:২৩ পূর্বাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 10:21 pm

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবঞ্জের গোমস্তাপুর উপজেলায় ৫ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরন্নবী (১৫) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার আলীনগর ইউনিয়নের মকরমপুর গ্রামে ধর্ষণচেষ্টার এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি অভিযুক্ত কিশোরের মামাতো বোন। তারা পাশাপাশি বাড়িতেই বসবাস করে।

স্থানীয় সূত্র জানায়, মোবাইল দেখানোর প্রলোভনে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে নুরন্নবী। এ সময় শিশুটির চিৎকারে তার মা এগিয়ে আসে।

পরে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে প্রতিবেশীরা তাকে আটক করে স্থানীয় ইউপি ভবনে নিয়ে যায়। খবর পেয়ে বিকেল ৫টার দিকে অভিযুক্তকে থানায় নিয়ে যায় পুলিশ।

ইউপি চেয়ারম্যান আবুল কাশেম মোহম্মদ মাসুম বলেন, দুপুরে ওই কিশোরকে গণপিটুনির হাত থেকে গ্রাম পুলিশের সহায়তায় রক্ষা করে পুলিশে দেওয়া হয়েছে। এ বিষয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বলেন, ধর্ষণচেষ্টার দায়ে ওই কিশোরকে আটক করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।