ঢাকা | জুন ২, ২০২৬ - ১১:৩৭ অপরাহ্ন

মান্দার বিলে মাছের পোনা অবমুক্তকরণ কার্যক্রমের উদ্বোধন

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 10:16 pm

মান্দা (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর মান্দা উপজেলার জবই বিল ও পার্শ্ববর্তী বিলসমূহে ২০২৫-২৬ অর্থবছরের মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পোনামাছ অবমুক্তকরণ করা হয়েছে।

মঙ্গলবার বেলা ১১টার দিকে মান্দা বিলের কোঁচড়া ঘাট এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর রাজশাহী বিভাগের উপপরিচালক আবু সাঈদ, প্রকল্প পরিচালক শামসুল করিম, নওগাঁ জেলা মৎস্য কর্মকর্তা ফেরদৌস আলী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পালসহ মৎস্য বিভাগের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, উন্মুক্ত জলাশয়ে নিয়মিত পোনামাছ অবমুক্তকরণ মৎস্য উৎপাদন বৃদ্ধি, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং স্থানীয় জেলেদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ কার্যক্রমের মাধ্যমে বিলাঞ্চলের প্রাকৃতিক মৎস্যসম্পদ সমৃদ্ধ হবে এবং ভবিষ্যতে মাছের উৎপাদন আরও বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

মৎস্য কর্মকর্তা দীপঙ্কর পাল জানান, এ অর্থবছরে ৮০০ কেজি রুই, কাতলা ও মৃগেল মাছের পোনা এবং দেশীয় প্রজাতির ৯০০ কেজি মাছের পোনা পর্যায়ক্রমে অবমুক্তকরণ করা হবে। গতকাল মঙ্গলবার প্রথম ধাপে বিভিন্ন প্রজাতির ৩৫০ কেজি মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।