ঢাকা | জুন ৩, ২০২৬ - ১:১২ পূর্বাহ্ন

বিদ্যুত সাশ্রয়ী হতে জেলা প্রশাসনের নির্দেশনা

  • আপডেট: Tuesday, June 2, 2026 - 10:23 pm

স্টাফ রিপোর্টার: প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে গত ১ জুন হতে রাজশাহী মহানগরীসহ জেলার সকল উপজেলার শপিংমল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার পর বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। একই সাথে বিলবোর্ডের বাতি এবং চলমান মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ করতে হবে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞিপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখার ১ জুন জারিকৃত স্মারকের পত্রের প্রেক্ষিতে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক চলমান বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রমের অংশ হিসেবে ১ জুন হতে রাজশাহী জেলার সকল উপজেলা ও মহানগরে অবস্থিত বিভিন্ন শপিংমল, মার্কেট, দোকান, বিলবোর্ড এবং চলমান মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিষয়েশর্ত আরোপ করা হলো।

শর্তগুলোর মধ্যে রয়েছে, বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকানসমূহ সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে। বিলবোর্ডের বাতি আবশ্যিকভাবে সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ করতে হবে। এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠিতব্য মেলা বা বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭ টার মধ্যে বন্ধ করার নির্দেশনা প্রদান করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অমান্যকারী সংশ্লিষ্ট ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।