ঢাকা | মে ১৮, ২০২৬ - ১১:৩৪ অপরাহ্ন

শিরোনাম

রাণীনগরে দেড় লাখ টাকার সিগারেট চুরি

  • আপডেট: Monday, May 18, 2026 - 11:11 pm

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক সাহাজুল ইসলামের মেসার্স সাহাজুল ট্রেডার্স নামক পাইকারী দোকানের চালের টিন কেটে প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরির ঘটনা ঘটেছে। গত রোববার রাতে উপজেলার আবাদপুকুর বাজার চারমাথা এলাকায় ওমর সুপার মার্কেটে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় সোমবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

দোকান মালিক সাহাজুল ইসলাম জানান, প্রতি দিনের ন্যায় ক্রয়-বিক্রয় শেষে রাত আনুমানিক ১০টায় দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। পরদিন গতকাল সোমবার সকালে দোকান খুলে দেখতে পান দোকানের মালপত্র এলোমেলো হয়ে পরে আছে।

দোকানের ভিতরে ঢুকে দেখেন চালের টিন খুলে চোরেরা প্রবেশ করে দোকানে থাকা বেনসন, গোল্ড লিফ ও স্টার সিগারেটসহ বিভিন্ন ব্রান্ডের প্রায় দেড় লাখ টাকার সিগারেট চুরি করে নিয়ে গেছে। খবর পেয়ে রাণীনগর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় তিনি বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। রাণীনগর থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বলেন, দোকানের সিগারেট চুরির ঘটনায় মালিক সাহাজুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ঘটনার সুষ্ঠু তদন্তসহ জরিতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।