বাগাতিপাড়ায় নাতির ছোঁড়া কাঁচিতে প্রাণ হারালো দাদি
বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরে বাগাতিপাড়ায় হাঁসের বাচ্চা খেকো কুকুরকে মারতে গিয়ে নাতি আলিফ (৭) এর ছোঁড়া হাঁসুয়া (কাঁচি) ছিঁটকে দাদি মর্জিনা (৫০)’র পেট ফুটো হয়ে চিকিৎসাধিন অবস্থায় মৃত্যুবরণ করেছেন। আলিফ (৭) জামনগর পশ্চিমপাড়া মাদ্রাসার প্রথম শ্রেণির ছাত্র।
পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, গত ২৭ এপ্রিল বিকাল আড়াই টায় বাগাতিপাড়া উপজেলার জামনগর ইউনিয়নের পুরাতন পশ্চিম পাড়া গ্রামে মোকাব্বের আলীর বাড়িতে এ ঘটনা ঘটে। ওই দিন মোকাব্বের আলীর নাতি শিশু আলিফ (৭) পূর্বে হাঁসের বাচ্চা খেকো কুকুর পুনরায় বাচ্চা ধরতে এলে হাঁসুয়া (কাঁচি) ছোঁড়ে মারে। সেই কাঁচি কুকুরকে না লেগে ছিঁটকে গিয়ে আলিফের দাদি মর্জিনা বেগমের পেটে আঘাত লাগে।
সেই আঘাতে পেট ফঁটো হয়ে যায়। স্থানীয় চিকিৎসক সুনিল দাস প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত ১১টায় মর্জিনা বেগম মৃত্যু বরণ করেন। মর্জিনা ও আলিফ সম্পর্কে আপন দাদি-নাতি। মর্জিনা বেগম মোকাব্বের আলীর স্ত্রী ও আলিফ মজনুর ছেলে।











