ঢাকা | মে ৬, ২০২৬ - ৭:৫৯ পূর্বাহ্ন

কোমলমতি শিক্ষার্থীরাই হবে দেশের অ্যাম্বাসেডর: এমপি মিলন

  • আপডেট: Tuesday, May 5, 2026 - 12:13 am

স্টাফ রিপোর্টার: কোমলমতি শিক্ষার্থীদের উদ্দেশে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাড. মোহাম্মদ শফিকুল হক মিলন বলেছেন- ভবিষ্যতে তোমরাই হবে বাংলাদেশের অ্যাম্বাসেডর। মেধা ও শরীর বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা করতে হবে।

গতকাল সোমবার পবা উপজেলার দুয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (বালক-বালিকা) সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নৈতিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শিশু-কিশোরদের ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। নৈতিক শিক্ষার অভাবেই অনেক সময় তরুণরা বিপথগামী হয়ে পড়ে। তাই ‘মানুষের মতো মানুষ’ গড়তে এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনুল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা শিক্ষা কর্মকর্তা জোবাইদা জাহান রওশন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা এম এ মান্নান, নওহাটা পৌরসভার সাবেক মেয়র আলহাজ মকবুল হোসেনসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। মাঠের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুন নেসা। উপজেলা ভিত্তিক এই টুর্নামেন্টে বালক বিভাগে চ্যাম্পিয়ন হয় হরিয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বালিকা বিভাগে পাকুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এর আগে সকালে মোহনপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। অনুষ্ঠানে প্রশাসন ও রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এছাড়াও এদিন তিনি মৌগাছী উচ্চ বিদ্যালয় ও মৌগাছী কলেজ পরিদর্শন করেছেন। এ সময় তাঁর সাথে ছিলেন মোহনপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব-আর-রশিদ, মৌগাছী ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম সিদ্দিকী মুকুল, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও মৌগাছী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইউনুচ আলী মন্ডল, মৌগাছী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মাহবুবুর রহমান, বিএনপি নেতা ও শিক্ষক জয়নুল আবেদীনসহ স্থানীয় বিএনপি নেতাকর্মী।