ঢাকা | মে ৩, ২০২৬ - ১১:৩৬ অপরাহ্ন

শিরোনাম

রাজশাহীতে আন্তর্জাতিক নৃত্য দিবস পালিত

  • আপডেট: Sunday, May 3, 2026 - 10:11 pm

স্টাফ রিপোর্টার: প্রায় দুই শতাধিক বিভিন্ন বয়সী নৃত্যশিল্পীদের মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনার মাধ্যমে পালিত হলো আন্তর্জাতিক নৃত্য দিবস।

রোববার বিকেলে জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর মিলনায়তনে ‘অপরাহ্নের নৃত্য’ শিরোনামের নৃত্যানুষ্ঠানে শুরুতেই শুদ্ধ নৃত্য চর্চাকারী স্থানীয় বিভিন্ন নৃত্য শিল্প প্রতিষ্ঠানের পরিচালক বা প্রশিক্ষকরা ‘ও আলোর পদযাত্রী’ গানটির সাথে দলগতভাবে নৃত্য পরিবেশন করেন। বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহী শাখা আয়োজিত এবং স্থানীয় শীর্ষস্থানীয় সকল নৃত্য শিল্প প্রতিষ্ঠানের সহযোগিতায় দিবসটি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অ্যাড এরশাদ আলী (ঈশা)। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক হরেন্দ্র নাথ সিং ও জেলা শিল্পকলা একাডেমি রাজশাহীর জেলা কালচারাল অফিসার ড. ফারুক ফয়সাল। বক্তব্য রাখেন এটিএন বাংলার স্টাফ রিপোর্টের সুজা উদ্দিন ছোটন। সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নৃত্য গুরু হাসিব পান্না।

স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ নৃত্য শিল্পী সংস্থা রাজশাহীর সাবেক সহ-সভাপতি কাবেরী সরকার ও  শুভেচ্ছা বক্তব্য রাখেন সাবেক সাংগঠনিক সম্পাদক নৃত্য শিল্পী সোনিয়া পাল ওলি।

অতিথিরা তাদের বক্তব্যে বলেন, নৃত্যশিল্প এবং নৃত্যশিল্পীরা শারীরিকভাবে সুস্থতার পাশাপাশি সুস্থ সমাজ গঠনেও তাদের ভূমিকা অগ্রগণ্য। তবে নৃত্যের নামে অশ্লীলতার কিছু অনাকাঙ্খিত ঘটনা জনমনে ভ্রান্ত ধারণা দেয়। নৃত্যশিল্পের ছদ্মাবরণে সেই কুৎসিত ও অশ্লীলতার হিংস্র থাবা থেকে দেশ ও সমাজকে রক্ষা সরকারের একার পক্ষে সম্ভব নয়। এজন্য শুদ্ধ নৃত্য চর্চাকারীদেরও এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানের ‘অপরাহ্ন নৃত্য’ পর্বে নিক্কণ নৃত্য শিল্পী গোষ্ঠী, স্পন্দন নৃত্যালয়, ঝংকার নৃত্য শিল্পী গোষ্ঠী, উৎপত্তি নৃত্যাশ্রম, নৃত্যুকুঞ্জ, রিমঝিম সাংস্কৃতিক গোষ্ঠী, ছন্দ নৃত্য শিল্পী গোষ্ঠী, চিত্রগীতি নৃত্য শিক্ষালয়, শাপলা কালচারাল স্কুল, সোহাগ ডান্স গ্রুপ, নৃত্য বিভাগ (রাজশাহী  জেলা শিশু একাডেমি) ও রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি। সমগ্র অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ বেতারের উপস্থাপক শিরাজী ফেরদৌস ইমন।