ঢাকা | মে ৪, ২০২৬ - ৩:১৪ পূর্বাহ্ন

শিরোনাম

রাজশাহীতে ৭ হাজার ৫শ’ মেট্রিকটন ধান কিনবে সরকার

  • আপডেট: Sunday, May 3, 2026 - 9:55 pm

স্টাফ রিপোর্টার: বোরো চাষিদের ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে চলতি বোরো মৌসুমে রাজশাহীতে ৩৬ টাকা কেজি দরে ৭ হাজার ৫৪৮ মেট্রিকটন ধান, ৪৯ টাকা কেজি দরে চাল এবং ৩৬ টাকা কেজি দরে গম কিনবে সরকার।

রোববার জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনে দেশে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন। এই সংগ্রহ অভিযান চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বোরো মৌসুমে চাষিদের উৎপাদিত ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকার সারা দেশে ৪৯ টাকা কেজি দরে ১২ লাখ মেট্রিকটন সেদ্ধ চাল সংগ্রহ অভিযান শুরু করেছে।

এছাড়াও কেনা হবে ১ লাখ মেট্রিকটন আতব চাল এবং ৫ লাখ মেট্রিকটন ধান। রাজশাহী জেলায় কেনা হবে ৭ হাজার ৫৪৮ মেট্রিকটন ধান। ধানের উঠতি মৌসুমের শুরুতেই সরকার সংগ্রহ অভিযান শুরু করায় রাজশাহী অঞ্চলের বোরো চাষিরা খুশি।

খাদ্য অধিদপ্তর রাজশাহী কার্যালয় সূত্রে জানা গেছে, রাজশাহীতে ইতিমধ্যে বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ অভিযানের প্রক্রিয়া শুরু হয়েছে। এই মৌসুমে জেলায় চুক্তিবদ্ধ মিলারদের কাছ থেকে ৪৯ টাকা কেজি দরে চাল সংগ্রহ করা হবে। ইতিমধ্যে ৩৬ টাকা কেজিদরে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে। পবায় ৬৬৬ মেট্রিকটন, গোদাগাড়ীতে ১৬৩০, তানোরে ১৫৬৩, মোহনপুরে ৭৮৫, বাগমারায় ১৯৮৯, দুর্গাপুরে ৪৬৩, পুঠিয়ায় ৩০৩, চারঘাট ৩৭ এবং বাঘা উপজেলায় ১১২ মেট্রিকটন ধান কেনা হবে।

জেলা খাদ্য নিয়ন্ত্রক জানান, ৪৯ টাকা কেজি দরে চুক্তিবদ্ধ মিলারদের কাছে থেকে এই চাল সংগ্রহ করা হবে। এছাড়া কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ধান ও গম সংগ্রহ করা হবে। এ সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ৩১ আগস্ট পর্যন্ত।

রাজশাহীর বিভিন্ন হাট বাজারে খোঁজ নিয়ে জানা গেছে, বাজারে ইতিমধ্যে বোরো মৌসুমের নতুন ধান উঠতে শুরু করেছে। গত শুক্রবার রাজশাহীর বিভিন্ন উপজেলার হাটগুলোতে প্রতিমণ (৪০ কেজি) ধান ১১শ’ থেকে ১২শ’ টাকায় বিক্রি হয়েছে। এই দামে ধান বিক্রি করে চাষিরা উৎপাদন খরচ উঠানো নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন। এই অবস্থায় সরকার ধান-চাল সংগ্রহ শুরু করায় ধানের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে।

পবার ধান-চাল ব্যবসায়ী আশরাফ আলী বলেন, ধান-চালের দাম কমে যাওয়ায় তার এলাকার বোরো চাষিরা হতাশ হয়ে পড়েছিল। এই অবস্থায় সরকার বোরো মৌসুমের ধান-চাল কেনা শুরু করায় ধানের দাম বৃদ্ধি পেতে শুরু করেছে। ধানের ন্যায্যমূল্য প্রাপ্তি নিশ্চিত করতে সরকারের এই সিদ্ধান্তে বোরো চাষিরা খুশি।