কেশরহাটে বিনামূল্যে চিকিৎসা ও রক্তের গ্রুপ নির্ণয়
মোহনপুর প্রতিনিধি: বিশ্ব শ্রমিক দিবস ২০২৬ উপলক্ষে রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে ফ্রি ব্লাড গ্রুপিং ও প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
গত পহেলা মে সকাল দশটা হতে দুপুর পর্যন্ত কেশরহাট পল্লী চিকিৎসক সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে হাফিজুর রহমান আকন্দের সভাপতিত্বে এবং আব্দুল কাদেরের সঞ্চালনায় কেশরহাট উচ্চ বিদ্যালয় চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় শ্রমজীবী মানুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দিনব্যাপী এই কার্যক্রমে আগতদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।
অনুষ্ঠানে সহযোগিতা প্রদান করে ইবনে সিনা ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, শাপলা গ্রামের নাম সংস্থা এবং শতফুল বাংলাদেশ, রাজশাহী। আয়োজকরা জানান, শ্রমজীবী মানুষের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং সহজলভ্য চিকিৎসা সেবা পৌঁছে দেয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।











